খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা অবিস্ফোরিত মর্টার শেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট। শনিবার (২১ নভেম্বর) সকালে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যসহ সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিশেষজ্ঞ দল মর্টার শেল উদ্ধারের স্থান ও আশপাশের এলাকায় সতর্কতার সঙ্গে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালায়। এ সময় আশপাশে অন্য কোনো অবিস্ফোরিত গোলাবারুদ বা বিস্ফোরকজাতীয় বস্তু পাওয়া যায়নি।
পরবর্তী সময়ে উদ্ধার করা মর্টার শেলটি বিশেষ নিরাপত্তাব্যবস্থায় পিকআপযোগে উত্তর গঞ্জপাড়া থেকে দক্ষিণ খবংপুরিয়া শ্মশানঘাট সংলগ্ন চেঙ্গী নদীর তীরবর্তী নির্ধারিত নিরাপদ স্থানে নেওয়া হয়। সেখানে সার্জেন্ট মাহবুবের নেতৃত্বে সকাল ৯টা ৫০ মিনিটে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বপূর্ণ কার্যক্রমে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। মর্টার শেলটি নিরাপদে নিষ্ক্রিয় হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।