ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টি করছে সউদী আরব। তবে এতে ইয়েমেনের ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—ইউরোপীয় দেশগুলোর এমন উদ্বেগ এখনো কাটাতে পারেনি রিয়াদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের ছয়জন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইউরোপীয় কর্মকর্তাদের মতে, হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে গোষ্ঠীটির সঙ্গে ইউরোপের সীমিত যোগাযোগের পথ বন্ধ হয়ে যেতে পারে। এতে ইয়েমেনের ভবিষ্যৎ শান্তি আলোচনায় ইউরোপের ভূমিকা রাখাও কঠিন হতে পারে। এ ছাড়া হুথিরা ইয়েমেনের উপকূলের কাছে ইউরোপীয় জাহাজে হামলা চালাতে পারে এবং হুথি-নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
ইরান-সমর্থিত এই গোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে রিয়াদ এ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর প্রায় প্রতিদিনই সউদী ভূখণ্ডে হামলা চালানোর অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে।
তবে হুথিরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তাদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। পাশাপাশি গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পদ জব্দ করা হয়েছে। কিন্তু তাদের সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি জোটটি।
হুথিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) অবশ্য সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। অন্যদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডা হুথিদেরও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
ইইউর ২৭টি সদস্যদেশের সর্বসম্মত সমর্থন ছাড়া হুথিদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। ইউরোপীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত অল্প কয়েকটি দেশ এ পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট হুথিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে। তবে সেটি বাধ্যতামূলক নয়।
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করে। এরপর দেশটির সরকারের পক্ষে হুথিদের বিরুদ্ধে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সউদী আরব। ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি চলতি বছরের জুলাইয়ে ভেঙে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে।