দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।
রুহুল কবির রিজভী বলেন, যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনোই টিকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যখন জনগণের পিঠ দেওয়ালে ঠেকে যায় এবং কিছুই করার থাকে না, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকেই সাধারণ সিপাহী ও জনতা রাজপথে নেমে এসেছিল। সেই বিপ্লবের মধ্য দিয়েই বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্বাধীনতা-পরবর্তী সময় এবং বিগত দেড় দশকের শাসনামলের তুলনা করে রিজভী বলেন, অতীতে একদলীয় শাসন, গুম, খুন ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে দেশে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করা হয়েছিল। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দেওয়ার কারণেও সাধারণ মানুষ ও নারীদের গ্রেফতার করা হয়েছে। দেশে আর যেন সেই ভয়ের সংস্কৃতি ফিরে না আসে, সে জন্য একটি স্থায়ী ও ভয়হীন গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের আহ্বান জানান তিনি।