কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলা, আগুন সন্ত্রাস এবং দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি চেষ্টার প্রতিবাদে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের নেতৃত্বে রাজধানীতে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সাইফুল আলম নিরবের নেতৃত্বে নাবিস্কো থেকে শুরু করে উত্তর বেগুনবাড়িতে পথ সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।
সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান সাইফুল আলম নিরব। তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করলেও দলের প্রতিটি কর্মসূচিতে বিশাল মিছিল সহকারে অংশ নিতে দেখা যায় সাইফুল আলম নিরবকে।