শ্রীনগর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার মঞ্জুর আলম বাবুর ছেলে রাফি (২০) ও একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,তারা ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার সোহেল আহমেদ দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।