সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত অর্জন আছে লিওনেল মেসির। আর্জেন্টাইন মহাতারকার সাফল্যের মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক। মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম ফুটবলার হিসেবে টানা দুইবার গোল্ডেন বুট জয়ের খুব কাছে রেকর্ড আটবারের বর্ষসেরা।
মেজর লিগ সকারে রোববার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পায় ইন্টার মায়ামি। একটি গোল করানোর পাশাপাশি শেষ দিকে দুর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।
এই গোলের ফলে চলতি মৌসুমে লিগে তাঁর গোলসংখ্যা ২৬। গোল্ডেন বুটের দৌড়ে এফসি ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে মেসি এগিয়ে আছেন চার গোলে। এর এতেই তৈরি হয়েছে সেই বিশেষ সম্ভাবনা।
২০০৫ সালে গোল ও অ্যাসিস্টের ভিত্তিতে পয়েন্ট পদ্ধতির পরিবর্তে শুধু গোলসংখ্যার ভিত্তিতে পুরস্কার দেওয়ার নিয়ম চালুর পর থেকে কোনো খেলোয়াড় টানা দুই মৌসুম এমএলএস-এ গোল্ডেন বুট জিততে পারেননি। দুই খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট এবং এরপর মাঠে কম সময় কাটানোর বিষয়টি বিবেচনা করা হয়।
নিয়মিত মৌসুমের আর মাত্র একটি ম্যাচ বাকি। এখন গোল্ডেন বুট ধরে রাখার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন মেসি।
মজার বিষয় হলো, একাধিক খেলোয়াড় একাধিকবার এমএলএস গোল্ডেন বুট জিতলেও ২০০৫ সালে গোলভিত্তিক পদ্ধতি চালুর পর কেউ টানা দুই মৌসুম এই পুরস্কার জিততে পারেননি।
এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ মেসির সামনে।
২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে ইতোমধ্যে ইতিহাস গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
আরেকটি গোল্ডেন বুট জয় তাঁর অসাধারণ ক্যারিয়ারে যোগ করবে নতুন এক কৃতিত্ব।
২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমানে এমএলএসে নিজের চতুর্থ মৌসুম খেলছেন তিনি। ২০২৫ সালে প্রথমবার গোল্ডেন বুট জেতেন মেসি। নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। সেই অসাধারণ মৌসুমে সতীর্থদের দিয়ে ১৯টি গোলও করিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এমএলএস গোল্ডেন বুটের হিসাব করা হয় শুধু নিয়মিত মৌসুমে করা গোলের ভিত্তিতে। প্লে-অফে করা গোল এই পুরস্কারের হিসাবে যুক্ত হয় না।
গোল্ডেন বুটের দৌড় শেষ হওয়ার আগে গোলসংখ্যা বাড়ানোর জন্য মেসির হাতে রয়েছে আর মাত্র একটি সুযোগ। আগামী ৭ নভেম্বর নিজেদের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
২৬ গোল নিয়ে এবং মুসার চেয়ে চার গোলে এগিয়ে থাকায় পুরস্কারটি জয়ের পথে বেশ ভালো অবস্থানে রয়েছেন মেসি।