ঢাকা, , ,
ঢাকা, , ,

৩৩ কেজির পোশাক, ২ কেজির মুকুট! রাবণ হতে কতটা কষ্ট করেছেন যশ?

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং লঙ্কাপতি রাবণের ভূমিকায় দেখা গেছে দক্ষিণি তারকা যশকে। তবে অভিনয়ের পাশাপাশি যশের রাবণ-রূপ নিয়েও চলছে আলোচনা। বিশেষ করে তাঁর পোশাক ও অলংকার তৈরিতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, তা রীতিমতো বিস্ময়কর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পোশাক পরিকল্পক ও ডিজাইনার সানিয়া জানিয়েছেন, রাবণের চরিত্রে অভিনয়ের জন্য যশকে সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক পরতে হয়েছে। এর মধ্যে পোশাক, অলংকার ও বিভিন্ন নকশার উপকরণ ছিল। শুধু রাবণের মুকুটের ওজনই ছিল প্রায় ২ কেজি।
সানিয়ার ভাষ্য অনুযায়ী, যশের অধিকাংশ পোশাক ও অলংকারের সম্মিলিত ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। তবে রাবণের বিশেষ সাজ, বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানে ব্যবহৃত পোশাকের ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি। এত ভারী পোশাক পরে দীর্ঘ সময় শুটিং করা অভিনেতার জন্য মোটেও সহজ ছিল না।
রাবণের মুকুট তৈরি করাই ছিল ডিজাইনারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাথায় সামান্য ওজনও দীর্ঘ সময় ধরে বহন করা কঠিন। তাই মুকুটের নকশা তৈরিতে থ্রিডি প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত নকশা ঠিক করা হয়। ওজন কমানোর চেষ্টা করেও মুকুটটি ১ কেজি ৮০০ গ্রামের নিচে নামানো সম্ভব হয়নি।
ভারী পোশাকের কারণে শুটিংয়ের বিরতিতে যশকে পোশাকের কিছু অংশ খুলে রাখতে হতো। শুধু ওজন সামলানোই নয়, মুকুট পরে মাথা ঘোরানো কিংবা বুকের বর্ম ও কাঁধের ভারী কাঠামো নিয়ে স্বাভাবিকভাবে হাত নাড়াচাড়াও ছিল কঠিন। এত প্রতিকূলতার মধ্যেও সেটে হাসিখুশি থাকতেন অভিনেতা। একই দৃশ্যের জন্য একাধিকবার শট দেওয়ার সময়ও স্বাভাবিক অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি ধরে রাখার চেষ্টা করেছেন তিনি।
এদিকে মুক্তির পর বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ‘রামায়ণ’। মুক্তির পাঁচ দিনে বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৬৬৪ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৪১৩ কোটি ৯০ লাখ রুপি। রণবীর ও যশ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সাই পল্লবী, রবি দুবে, লারা দত্ত, বিবেক ওবেরয়সহ অনেকে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com