ঢাকা, , ,
ঢাকা, , ,

উত্তরাঞ্চলে আকস্মিক শিলাবৃষ্টি আমন ও আলুর ব্যাপক ক্ষতি রংপুর ও পঞ্চগড় প্রতিনিধি

উত্তরাঞ্চলের রংপুর ও পঞ্চগড়ে আকস্মিক ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আমন ধান ও আগাম আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও পাকা ধান জমিতে লুটিয়ে পড়েছে, কোথাও শিলার আঘাতে ধানের শিষ থেকে ঝরে পড়েছে দানা। আবার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কেটে রাখা ধান। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। ঋণ ও ধারদেনা করে চাষাবাদ করা কৃষকদের এখন উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। গত মঙ্গল ও বুধবার রাতে রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে পাকা ও আধাপাকা আমন ধানের পাশাপাশি আগাম জাতের আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তাম্বুলপুর, ছাওলাসহ ছয়টি ইউনিয়নের চরাঞ্চলে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে।

অন্যদিকে পঞ্চগড়েও গত বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আকস্মিক বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের হরিপুর ও দৌলতপুর, সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাটিয়াপাড়া এবং তেঁতুলিয়া উপজেলার তিরনিহাট ও রণচ-ী এলাকায় শিলাবৃষ্টি হয়। দুই দফায় ১০ থেকে ১৫ মিনিটের বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও জমিতে থাকা ধান শিলার আঘাতে ঝরে পড়েছে, আবার কোথাও কেটে রাখা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পঞ্চগড় কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, জেলায় প্রায় ১২ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শুধু বোদা উপজেলাতেই ক্ষতির পরিমাণ প্রায় ১০ হেক্টর।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, আমন ধান তাদের সারা বছরের খাবার ও সংসারের খরচের অন্যতম ভরসা। অনেকে ধান বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটানোর পরিকল্পনা করেছিলেন; কিন্তু এক রাতের শিলাবৃষ্টিতে তাদের সেই হিসাব এলোমেলো হয়ে গেছে।

রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার রাতের বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। বুধবার রাতেও বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে গেছে। বিশেষ করে শিলাবৃষ্টিতে ধান ও আলুর ক্ষতি বেশি হয়েছে। ছাওলা এলাকার কৃষক ওমর আলী বলেন, ‘দুই দিনের ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের কোমর ভেঙে গেছে।’

পারুল ইউনিয়নের কৃষক আক্কাস আলী ও আবু সাঈদ জানান, মঙ্গল ও বুধবার রাতের বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় তাদের ক্ষেতের পাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক ধান কাদায় মাখামাখি হয়ে গেছে। এসব ধান কীভাবে ঘরে তুলবেন, তা বুঝতে পারছেন না তারা।

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের ঝাঁকুয়া এলাকার কৃষক খয়রুল আলম বলেন, বুধবার সন্ধ্যায় তাদের এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে তার পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সকালে জমিতে গিয়ে ধান ঝরে মাটিতে পড়ে থাকতে দেখে তিনি ভেঙে পড়েন। ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। এখন উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়বে। সংসার চালানো ও ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।

একই ইউনিয়নের হরিপুর এলাকার কৃষক অভিনাশ চন্দ্র রায় বলেন, দুই বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছেন। এতে তার ২০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। ধান বিক্রি করে জমির মালিকের পাওনা পরিশোধ, সংসার চালানো এবং সারা বছরের খাবার সংরক্ষণের পরিকল্পনা ছিল; কিন্তু বৃষ্টিতে ক্ষতির পর এখন সেই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবেন, তা বুঝতে পারছেন না।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেলায় ৫৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত ক্ষতিগ্রস্ত ফসলের সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদুর নবী বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণে সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন। এ মৌসুমে সাধারণত এমন শিলাবৃষ্টি দেখা যায় না। হঠাৎ এ ধরনের আবহাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে রয়েছে।

পঞ্চগড় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও দিনভর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় বুধবার রাতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এতে আমন ধান, ভুট্টা, সরিষা, মরিচ ও শাকসবজিসহ বিভিন্ন ফসল হেলে পড়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় প্রাথমিক হিসাব অনুযায়ী, ঝড়-বৃষ্টিতে মোট ৮১ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে আমন ধান ১৮ হেক্টর, ভুট্টা ৪০ হেক্টর, সরিষা ১০ হেক্টর, মরিচ ১২ হেক্টর এবং শাকসবজি ১ হেক্টর জমি রয়েছে। হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিভিন্ন এলাকার মাঠে থাকা ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ভুট্টা ও আমন ধানের জমিতে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি।

উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, আকস্মিক ঝড়-বৃষ্টিতে প্রাথমিকভাবে আংশিক ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও কৃষকদের লোকসানের পরিমাণ নিরূপণ করে কয়েক দিন পর বিস্তারিত জানানো যাবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com