মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে কেয়ার এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান বাজারের চায়না কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি কাজী জাকির হোসেন সবুজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মো. রাসেল মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চায়না কমপ্লেক্সের স্বত্বাধিকারী আলহাজ আবদুল মজিদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি ও সবার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
স্থানীয়দের প্রত্যাশা, কেয়ার এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল চালুর ফলে রাঢ়ীখাল ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা গ্রহণ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আরও সহজ হবে।