দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রায় ৩ হাজার ৫৯৩ কোটি টাকা ব্যয়ে নেওয়া উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরে বছরে চার লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে আয়োজিত অনুষ্ঠানে ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদিন ফারুক, নৌপরিবহন সচিব মো. আতাউর রহমান খানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীনের পক্ষে উপস্থিত ছিলেন সিআরসিসির চেয়ারম্যান Dai Hegen, চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সেলর Song Yang এবং সিসিইসিসির চেয়ারম্যান Li Chongyang। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩ হাজার ৫৯৩ কোটি টাকা। বাস্তবায়নকাল চার বছর। প্রকল্পের আওতায় বন্দরের ১০ ও ১১ নম্বর জেটি, কনটেইনার ইয়ার্ড, বিপজ্জনক পণ্য সংরক্ষণ ইয়ার্ড, প্রশাসনিক ভবন ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি আধুনিক কনটেইনার ব্যবস্থাপনার জন্য ৪৯টি যন্ত্রপাতি স্থাপন করা হবে।
নির্মিতব্য জেটিতে একসঙ্গে ২০ হাজার ডেডওয়েট টনের দুটি অথবা ৫০ হাজার ডেডওয়েট টনের একটি জাহাজ ভেড়ানো যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘণ্টায় ৩০টি কনটেইনার হ্যান্ডলিং এবং বছরে চার লাখ টিইইউ কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা অর্জিত হবে। স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চালুর মাধ্যমে মোংলা বন্দরকে স্মার্ট বন্দরে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।
প্রকল্পটি চীনা অর্থায়ন ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। গত ১০ অক্টোবর বাংলাদেশ সরকার ও চায়না এক্সিম ব্যাংকের মধ্যে প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরে জাহাজ ও পণ্য পরিবহন বাড়বে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণেও বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে একটি বৃক্ষরোপণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।