সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামি শরিয়াহ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিকল্প শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামের এ ব্যবস্থায় সুদ ছাড়াই উচ্চশিক্ষার জন্য অর্থ সহায়তা নিতে পারবেন শিক্ষার্থীরা। বিশেষ করে ধর্মীয় কারণে প্রচলিত সুদভিত্তিক ঋণ নিতে অনিচ্ছুক মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বিকল্প এ অর্থায়ন ব্যবস্থা ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ নীতির ভিত্তিতে পরিচালিত হবে। এ নীতিতে অংশগ্রহণকারীরা একটি যৌথ তহবিলে অর্থ জমা দেন, যা পরবর্তী সময়ে অন্য অংশগ্রহণকারীদের সহায়তায় ব্যবহৃত হয়। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অর্থও আলাদা তহবিলে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে এ কর্মসূচির আওতায় থাকা শিক্ষার্থীদের অর্থায়নে ব্যবহার করা হবে।
সরকার জানিয়েছে, বিকল্প এ অর্থায়ন ব্যবস্থা শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে না; প্রচলিত শিক্ষার্থী অর্থায়নের যোগ্যতা থাকা সব ধর্মের শিক্ষার্থীই এতে অংশ নিতে পারবেন। ইসলামি অর্থায়নের নীতির সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে চালুর আগে স্বাধীন ইসলামি অর্থায়ন বিশেষজ্ঞদের একটি বোর্ডের সনদ নেওয়া হবে।
ইংল্যান্ডের কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এ ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে শুরু করেছে। ইউনিভার্সিটি অব ব্রিস্টল একে ‘সুদমুক্ত যুক্তরাজ্য সরকারের ঋণ’ হিসেবে উল্লেখ করেছে। ইউনিভার্সিটি অব লিডস জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সিটি সেন্ট জর্জস ও নিউক্যাসল ইউনিভার্সিটিও সম্ভাব্য আবেদনকারীদের এ বিষয়ে তথ্য দিয়েছে।
তবে সরকার এখনো নির্দিষ্ট উদ্বোধনের তারিখ ঘোষণা করেনি। ৭ অক্টোবর পার্লামেন্টে দেওয়া এক লিখিত উত্তরে সরকার জানায়, নতুন এ অর্থায়ন ব্যবস্থা ‘লাইফলং লার্নিং এনটাইটেলমেন্ট’ চালুর পর যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। ওই ব্যবস্থাটি ২০২৭ সালের জানুয়ারি থেকে চালুর পরিকল্পনা রয়েছে।
ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। এ কারণে যুক্তরাজ্যের কিছু মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক শিক্ষার্থী ঋণ নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাদের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে মানসিক দ্বন্দ্বের কথা জানিয়েছিলেন। ৭১ শতাংশ মনে করেছিলেন, বিদ্যমান ব্যবস্থা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।
তবে প্রচলিত শিক্ষার্থী ঋণ ইসলামি শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ কি না, এ বিষয়ে সব আলেমের মত এক নয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থাকে অনুমোদন করেছে বলে তারা উল্লেখ করে থাকে। ফলে নতুন ব্যবস্থাটি মূলত তাদের জন্য, যারা ধর্মীয় কারণে সুদভিত্তিক ঋণ নিতে চান না।
সমালোচনা ও সরকারের অবস্থান
বিকল্প অর্থায়ন ব্যবস্থা নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। রিফর্ম ইউকে পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগের সমালোচনা করে একে ‘দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা’ তৈরির পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, ধর্মের ভিত্তিতে আলাদা অর্থায়ন কাঠামো তৈরি করলে সমাজে বিভাজন বাড়তে পারে।
এ প্রকল্প তৈরিতে ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে সরকারের সঙ্গে কাজ করেছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, এ কাজে সরকার ইতোমধ্যে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। তবে প্রচলিত শিক্ষার্থী ঋণের মতো এ ব্যবস্থাতেও সব অর্থ পরিশোধ না হওয়ার আর্থিক ঝুঁকি থাকবে। ফলে অপরিশোধিত অর্থের দায় শেষ পর্যন্ত সরকারি অর্থ ও করদাতাদের ওপর পড়তে পারে। তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ