ঢাকা, , ,
ঢাকা, , ,

খুলনার ৮ পাটকল ইজারায় ফিরছে উৎপাদনে সৈয়দ হুমায়ূন কবীর রানা, খুলনা

একসময় পাটকলের সাইরেন আর হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্যে মুখর থাকত খুলনার শিল্পাঞ্চল। সেই চিত্র বদলে গেছে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের ছয় বছর পর। বন্ধ হয়ে যাওয়া ৯টি পাটকলের মধ্যে উচ্চ আদালতে মামলা থাকায় আলিম জুট মিল ছাড়া বাকি ৮টি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৩০ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি মিলে পাটজাত পণ্যের উৎপাদন শুরু হয়েছে। কোথাও চলছে সংস্কার ও নতুন কারখানা স্থাপনের কাজ; আবার কোথাও পাটপণ্যের পরিবর্তে আটা-ময়দা, ডাল, ব্যাটারি, ফোম, ম্যাট্রেস ও ই-বাইক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হলেও প্রশ্ন উঠেছে, ঐতিহ্যবাহী পাটশিল্পের ভবিষ্যৎ কী এবং পুরনো শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ কতটা নিশ্চিত হচ্ছে? কারণ, একযোগে পাটকল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মহীন হয়েছিলেন। নতুন শিল্পকারখানা গড়ে ওঠার উদ্যোগ চললেও তাদের বড় একটি অংশ এখনও হারানো কর্মসংস্থানে ফিরতে পারেননি। অন্যদিকে প্রায় ২৪ বছর ধরে বন্ধ থাকা খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল চালুর উদ্যোগও এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে।

২০২০ সালের ১ জুলাই একযোগে খুলনার ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়। এর আগে শিল্প মন্ত্রণালয়ের অধীন খুলনা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল বন্ধ হয় ২০০২ সালের ৩০ নভেম্বর। পাটকল বন্ধের পর প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) ৯টি পাটকলের আনুমানিক ২৫ হাজার স্থায়ী শ্রমিকের এককালীন পাওনা পরিশোধ করে। তবে প্রায় ১০ হাজার অস্থায়ী শ্রমিক তেমন কোনো সুবিধা পাননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কর্মহীন শ্রমিকদের অনেকে খুলনা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। কেউ রিকশা-ইজিবাইক চালিয়ে, কেউ মুদি দোকান দিয়ে, আবার কেউ দৈনিক মজুরির কাজ করে সংসার চালাচ্ছেন। একসময় যেসব শ্রমিকের জীবন পাটকলের চাকরি ঘিরে ছিল, তাদের অনেকেরই আর সেখানে ফেরার সুযোগ হয়নি।

বিজেএমসি সূত্রে জানা গেছে, ইজারা দেওয়া প্রতিটি পাটকলের চুক্তির মেয়াদ ৩০ বছর। চুক্তি অনুযায়ী প্রথম ৩৬ মাস নিয়মিত ভাড়া দিতে হবে না। তবে ২৪ মাসের অগ্রিম ভাড়া পরিশোধের শর্ত রয়েছে। ইজারাদারদের পাটজাত পণ্যের পাশাপাশি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাঁটাই হওয়া ও অভিজ্ঞ পুরনো শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পরিবেশবান্ধব শিল্প স্থাপন, বিজেএমসির তদারকি এবং চুক্তির শর্ত মেনে কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতাও রয়েছে।

যশোরের রাজঘাটের আকিজ জুটমিল ২০২৩ সালের ১০ এপ্রিল জেজেআই লিমিটেড ইজারা নেয়। বর্তমানে সেখানে পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। কর্মরত রয়েছেন ১ হাজার ৬৪২ শ্রমিক ও ১১০ কর্মকর্তা-কর্মচারী। একই এলাকার কার্পেটিং জুট মিলস ২০২৪ সালের ৩ জানুয়ারি রিগ্যাল জুট ইজারা নেয়। সেখানে ৩৭৮ শ্রমিক ও ২৫ কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।

আটরা এলাকার ইস্টার্ন জুট মিলস ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি আটলান্টিক জুট ইজারা নেয়। মিলটিতে উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে কর্মরত ৬০৫ শ্রমিক ও ২৫ কর্মকর্তা-কর্মচারী। খালিশপুর জুট মিলস ২০২৪ সালের ৪ জানুয়ারি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল ইজারা নেয়। তিনটি ফ্যাক্টরির একটিতে পাটপণ্য উৎপাদন চলছে, বাকি দুটিতে অবকাঠামোগত উন্নয়নকাজ চলছে।

দ্য ক্রিসেন্ট জুট মিলস কোম্পানি লিমিটেড ২০২৫ সালের ১৬ জুন বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস ইজারা নেয়। সেখানে পাটপণ্যের পরিবর্তে আটা-ময়দা ও ডাল উৎপাদনের প্রস্তুতি চলছে। দুটি কারখানার জন্য মেশিন স্থাপনের কাজ চলছে। বর্তমানে কর্মরত ৫০ শ্রমিক ও ৬৪ কর্মকর্তা-কর্মচারী।

দৌলতপুর জুট মিল ২০২৩ সালের ২৪ আগস্ট ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি ইজারা নেয়। তবে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে মিলটি লে-অফ অবস্থায় রয়েছে। সেখানে কর্মরত আছেন মাত্র ১৩ কর্মকর্তা-কর্মচারী।

সর্বশেষ প্লাটিনাম জুবিলী জুট মিলস ২০২৬ সালের ১৮ আগস্ট হ্যামকো গ্রুপ এবং দিঘলিয়ার স্টার জুট মিলস ১২ অক্টোবর প্রাণ গ্রুপ ইজারা নেয়। দুটি মিলেই চলছে সংস্কারকাজ। অন্যদিকে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় আলিম জুট মিল এখনও ইজারা দেওয়া সম্ভব হয়নি।

সরেজমিন খালিশপুর জুট মিলে দেখা গেছে, পুরনো চাকরিচ্যুত শ্রমিকদের কেউ কেউ নতুন করে কাজের সুযোগ পেয়েছেন। তবে আগের বিশাল কর্মী বাহিনীর তুলনায় বর্তমান কর্মসংস্থান অনেক সীমিত। ক্রিসেন্ট জুট মিলের একটি শেডে আটা, ময়দা ও ডাল প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ পর্যায়ে।

প্রকল্প ব্যবস্থাপক মো. শামীম আমাদের সময়কে জানান, আগামী দুই মাসের মধ্যে উৎপাদন শুরুর আশা করছেন তারা। কারখানাটি চালু হলে শতাধিক মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি কারখানার দামে আটা, ময়দা, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য শোরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্লাটিনাম জুবিলী জুট মিল পরিদর্শনে হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এটিএম মোস্তফা আমাদের সময়কে জানান, মিলটি ইজারা নেওয়ার আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে। দ্রুত সংস্কারকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সেখানে গ্রুপের প্রধান কার্যালয় স্থাপনের পাশাপাশি ব্যাটারি, ম্যাট্রেস, বালিশ, ফোম ও ই-বাইক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে চীনের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সঙ্গেও আলোচনা হয়েছে। কারখানায় নিয়োগের ক্ষেত্রে খুলনার নারীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

২৪ বছর বন্ধ নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল

পাটকলের পাশাপাশি খুলনার নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিল চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে। খুলনা নিউজপ্রিন্ট মিলের প্রায় ৫০ একর জমিতে ২০১৮ সালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরে সেখানে ‘রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’ স্থাপন করা হলেও গ্যাস সংকটের কারণে সেটি এখনও চালু করা সম্ভব হয়নি।

মিল দুটির পুরনো যন্ত্রাংশ টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। এ থেকে পাওয়া প্রায় ৩০০ কোটি টাকা নিজস্ব তহবিলে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খুলনা নিউজপ্রিন্ট মিলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ আমাদের সময়কে জানান, মিল দুটি চালুর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি উদ্যোগে ওষুধ উৎপাদন কারখানা, পেপার মিল, ইভি ব্যাটারি ও অন্যান্য ব্যাটারি উৎপাদনসহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে। মিল দুটিতে ব্যয়বহুল চারটি জেটি রয়েছে, যা অন্য কোথাও নেই। সরকারি উদ্যোগে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা গেলে মিল দুটি পুনরায় চালু করা সম্ভব। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়েও এগুলো চালুর সুযোগ রয়েছে।

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল আমাদের সময়কে বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দায়িত্ব পেলে ফ্যাসিস্ট আমলে বন্ধ হওয়া পাটকলগুলো চালু করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছে।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের সাফল্য শুধু কতটি মিল ইজারা দেওয়া হয়েছে, তা দিয়ে বিচার করা যাবে না। দেখতে হবে, কতটি কারখানায় নিয়মিত উৎপাদন হচ্ছে, কত টাকা বিনিয়োগ হয়েছে, কত শ্রমিক কাজ পেয়েছেন এবং ইজারার শর্ত কতটা বাস্তবায়িত হচ্ছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com