ঢাকা, , ,
ঢাকা, , ,

মানিকছড়িতে চার কোটি টাকার সড়ক উন্নয়ন, ভাঙনঝুঁকিতে স্থায়িত্ব

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার এয়াতলং পাড়া-উত্তর ডলু-হাতিমুড়া সড়কের শেষাংশে প্রায় চার কোটি টাকা ব্যয়ে কার্পেটিংয়ের কাজ চলছে। তবে সড়কের শুরুতে প্রায় ২০০ থেকে ৪০০ মিটার অংশের এক পাশে জমি এবং অন্য পাশে পাহাড়ি ছড়া থাকায় কয়েকটি স্থানে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। স্থায়ী সুরক্ষায় গাইডওয়াল নির্মাণের বরাদ্দ না থাকায় আগামী বর্ষায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ১০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের শেষাংশের চার কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার কার্পেটিংয়ের উদ্যোগ নেওয়া হয়। প্রায় চার কোটি টাকার এ কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রিপ এন্টারপ্রাইজ।

 

 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কে কার্পেটিংয়ের কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলজিইডির তদারকি কর্মকর্তার উপস্থিতিতে শ্রমিকেরা কাজ করছেন। অন্যদিকে, পাহাড়ি ছড়ার পাড়ে কয়েকটি স্থানে ভাঙন দেখা যাওয়ায় স্থানীয় বাসিন্দারা সড়কের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

 

 

সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও সর্দার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়ন হলেও ছড়ার পাড়ের ভাঙনঝুঁকি নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী বর্ষায় পাহাড়ি ঢলে সড়কের কয়েকটি অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে বলেও তাঁরা দাবি করেন।

 

 

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজু আহমেদ বলেন, সড়কের দুই-তিনটি স্থানে ভাঙনের ঝুঁকি রয়েছে। বরাদ্দ না থাকায় গাইডওয়াল নির্মাণ করা সম্ভব হয়নি। আপাতত নিজস্ব খরচে ড্রামসেট বসিয়ে অস্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হবে। সড়কটির স্থায়ী সুরক্ষায় গাইডওয়াল নির্মাণের জন্য এলজিইডিকে অনুরোধ করা হয়েছে।

 

 

উপজেলা প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, সড়কের ছড়া বা খালসংলগ্ন অংশে ভাঙনের ঝুঁকি রয়েছে। তবে কার্পেটিং প্রকল্পে গাইডওয়াল নির্মাণের বরাদ্দ নেই। বিষয়টি এলজিইডির প্রধান কার্যালয়কে জানানো হয়েছে। আপাতত ড্রামসেট বসিয়ে অস্থায়ীভাবে সড়ক সুরক্ষার চেষ্টা করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com