২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল মেসির আচরণকে ‘হতাশার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি হোর্হে ভালদানো। তাঁর মতে, ফাইনালে স্পেনের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সেই ব্যবধান বুঝতে পেরেই মেসি এমন আচরণ করেছেন।
ম্যাচ চলাকালে স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে লাল কার্ড দেখানোর জন্যও চেষ্টা করেন মেসি। কুকুরেয়া একপর্যায়ে মুখের কাছে হাত রাখলে নতুন নিয়মের প্রসঙ্গ তুলে রেফারি স্লাভকো ভিনচিচের কাছে অভিযোগ জানান আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপের আগে চালু হওয়া নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। তবে কুকুরেয়ার ঘটনাটি কোনো উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ঘটেনি এবং তাঁর হাতও দীর্ঘ সময় মুখের সামনে ছিল না।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং সাবেক রিয়াল মাদ্রিদ খেলোয়াড় হোর্হে ভালদানো স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ওই আচরণের সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, ‘এটি ছিল হতাশার একটি অঙ্গভঙ্গি—এমন এক ফাইনালে নিজেদের দুর্বলতা স্বীকার করে নেওয়া, যেখানে দুই দলের ব্যবধান আমাদের অভ্যস্ত দৃশ্যের চেয়ে অনেক বেশি ছিল।’
আর্জেন্টিনার ক্লান্তিকেও হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন ভালদানো। তাঁর মতে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ধকল কাটিয়ে ওঠার যথেষ্ট সময় পায়নি দলটি। স্পেনের তুলনায় এক দিন পরে সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। এর আগে কাবো ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত সময় খেলতে হয়েছে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে হয়েছিল তাদের।
এদিকে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিলেন মেসি। গ্রুপ পর্বেই করেছিলেন ছয় গোল। নকআউট পর্বে কাবো ভার্দে ও মিসরের বিপক্ষেও গোল করেন তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় আটে। একপর্যায়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছিলেন, যদিও পরে কিলিয়ান এমবাপ্পে তাঁকে ছাড়িয়ে যান। তবে ফাইনালের হার এবং মাঠের আচরণ নিয়ে এখন আলোচনায় আর্জেন্টাইন মহাতারকা।