ঢাকা, , ,
ঢাকা, , ,

লংগদুতে নতুন সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী, কমবে জনদুর্ভোগ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি:
পাহাড়ি জনপদে যোগাযোগের পথ যত সহজ হবে, ততই প্রসারিত হবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ। এমন প্রত্যাশা সামনে রেখে রাঙামাটির লংগদুতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ সংযোগ সড়ক থেকে লংগদু কলেজ হয়ে বরাদম বৌদ্ধবিহার পর্যন্ত হেরিংবোন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

 

 

বুধবার (১১ নভেম্বর) লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন লংগদু জোন কমান্ডার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক, বরাদম বনবিহারের ভান্তে, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সড়কটি নির্মিত হলে ইসলামাবাদ, লংগদু কলেজ ও বরাদম বৌদ্ধবিহার-সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমবে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় উৎপাদিত পণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারেও সড়কটি ইতিবাচক ভূমিকা রাখবে।

 

 

বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পকে স্থানীয় যোগাযোগব্যবস্থা উন্নয়নের পাশাপাশি জনদুর্ভোগ লাঘবের একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

 

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোন দায়িত্বপূর্ণ এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হেরিংবোন সড়ক নির্মাণ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

 

 

সেনাবাহিনীর মতে, যোগাযোগব্যবস্থার উন্নয়ন একটি এলাকার আর্থসামাজিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। এর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার সরাসরি সম্পৃক্ত। এ ধরনের উন্নয়ন উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতেও ভূমিকা রাখবে।

 

 

লংগদু জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com