ঢাকা, , ,
ঢাকা, , ,

দুর্গম বড় মদকে স্বাস্থ্যসেবার সংকট, গ্রিন হিলের উদ্যোগে বাঁচল প্রসূতি ও নবজাতক

থানচি, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকায় প্রসবকালীন জটিলতায় পড়া এক প্রসূতি মা ও নবজাতককে বাঁচাতে রাতের আঁধারে প্রায় ৭০ কিলোমিটার সাঙ্গু নদীপথ পাড়ি দিতে হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় ইঞ্জিনচালিত নৌকায় করে প্রথমে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বান্দরবান জেলা সদরের হাসপাতালে নেওয়া হয় ওই প্রসূতিকে। শেষ পর্যন্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ সন্তান প্রসব করেন।

 

 

সম্প্রতি থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় মদক প্রুসাঅং কারবারিপাড়ায় এ ঘটনা ঘটে। দুর্গম এ জনপদে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতির মধ্যেই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার করেছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূতি য়ইসিংনু মারমার বয়স ৩২ বছর। তাঁর স্বামী উশৈথোয়াই মারমা। প্রায় ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়। এর মধ্যে চারটি সন্তান জন্ম দিলেও দুর্ভাগ্যজনকভাবে জন্মের পর তিন সন্তান মারা যায়। অপর সন্তানটি পাঁচ থেকে ছয় বছর বয়সে মারা যায়।

 

 

গত সোমবার পঞ্চমবারের মতো সন্তানসম্ভবা য়ইসিংনু মারমা নিজ বাড়িতে প্রসবব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এ সময় বড় মদক এলাকায় নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতির কাজে থাকা গ্রিন হিলের কর্মকর্তা ও দুই ধাত্রী তাঁর বাড়িতে পৌঁছান। সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষা করে তাঁরা শিশুর অস্বাভাবিক অবস্থানসহ প্রসবকালীন জটিলতা বুঝতে পারেন। মা ও শিশুর নিরাপত্তায় দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

 

 

কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় রাতের বেলায় সড়ক যোগাযোগ না থাকায় দেখা দেয় পরিবহন সংকট। পরে কোনো আলোর ব্যবস্থা ছাড়াই ইঞ্জিনচালিত নৌকাকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে সাঙ্গু নদীপথে প্রায় ৭০ কিলোমিটার দূরের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাঁকে। রাত ১টার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদরের ইমানুয়েল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

 

 

পরে আবারও নৌপথ ও সড়কপথ পাড়ি দিয়ে ভোর ৪টার দিকে বান্দরবান জেলা সদরে পৌঁছান প্রসূতি। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। দীর্ঘ পথের ঝুঁকি ও প্রতিকূলতা পেরিয়ে মা ও নবজাতককে হাসপাতালে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা করায় স্বস্তি ফিরেছে পরিবারে।

 

 

প্রসূতির স্বামী উশৈথোয়াই মারমা বলেন, তাঁর স্ত্রীকে বাড়ি থেকে হাসপাতালে নেওয়া, ইঞ্জিনচালিত নৌকা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং হাসপাতাল-সংশ্লিষ্ট যাবতীয় ব্যয় বহন করেছেন গ্রিন হিলের কর্মকর্তারা। এ সহযোগিতার জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

গ্রিন হিলের মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক সাইলুমং মারমা বলেন, বড় মদক এলাকায় নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ১৯ নভেম্বর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দুর্গম এলাকার গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

গ্রিন হিলের নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান বলেন, কিছুদিন আগে গণমাধ্যমে বড় মদক এলাকায় চিকিৎসাসেবার অভাবে প্রসূতি মায়েদের মৃত্যুর ঘটনা প্রকাশিত হয়েছে। দুর্গম এ অঞ্চলের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট বিবেচনায় নিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে প্রসবকালীন জরুরি চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে মায়েদের দুর্ভোগ কমবে। বিশেষ করে প্রসূতি মা ও নবজাতকের জীবন রক্ষায় কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

তিনি আরও বলেন, কোনো দরিদ্র প্রসূতি মায়ের প্রসবকালীন জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হলে গ্রিন হিলের পক্ষ থেকে পরিবহনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা হবে।

 

 

উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা জেএসআই রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় গ্রিন হিলের মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় বড় মদক এলাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com