লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এতে সুপেয় পানির অভাবে ভোগা শতাধিক পরিবারের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। সেনাবাহিনীর এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন পাড়াবাসী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুই সপ্তাহের কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে পানির ট্যাংকটির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পাড়াবাসী উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান সুইসালা চৌধুরী বলেন, বিনাজুড়িপাড়ার উঁচু পাহাড়ে বসবাসকারী শতাধিক পরিবারকে এত দিন পাহাড়ের নিচের ছড়া, খাল ও গর্ত থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করতে হতো। বিশেষ করে শীতকালে ঝিরি-ছড়ার পানি শুকিয়ে গেলে দুর্ভোগ আরও বেড়ে যেত। সেনাবাহিনীর এ উদ্যোগে দীর্ঘদিনের পানির কষ্ট অনেকটাই লাঘব হবে।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করেন তিনি।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।