হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের ফুটবলে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। মাঠে তাঁর উপস্থিতি যেমন প্রতিপক্ষের জন্য আতঙ্ক, তেমনি গ্যালারিতে সমর্থকদের কাছে তিনি আবেগের নাম। সেই আবেগের উত্তাপ ছড়িয়ে পড়ল ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই। এক দর্শক নিরাপত্তাবেষ্টনী টপকে ছুটে গেলেন হামজার কাছে। জড়িয়ে ধরার চেষ্টা, এরপর পা ছুঁয়ে সালাম। নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ঘটনাটি বুঝিয়ে দিয়েছে, বাংলাদেশের ফুটবলে হামজা এখন কতটা জনপ্রিয়।
মাঠের বাইরের সেই উন্মাদনার রেশ এবার মাঠেও ছড়াল। হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে এক হালি গোলে উড়িয়ে দিয়ে এবারের সাফের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। গতকাল রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে লঙ্কানদের ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হওয়ার পাশাপাশি কোনো গোল হজম না করার কৃতিত্বও দেখিয়েছে লাল-সবুজরা। আগামী শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে বেলা ৩ টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।
দ্বিতীয়ার্ধেও একই দাপট। এই অর্ধে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন গোলটি উপহার দেন ফারহান আলী ওয়াহিদ। ম্যাচের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান তিনি। শ্রীলঙ্কার চার ডিফেন্ডারের বাধা পেরিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। ফারহানের সেই দুর্দান্ত গোলে মুগ্ধ হয় পুরো স্টেডিয়ামের ফুটবল পাগল দর্শকরা (৩-০)।
ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বড় করার দায়িত্ব নেন রাকিব হোসেন। ম্যাচের ৮৭ মিনিটে গোলরক্ষক সুজন পেরেরার মাথার ওপর দিয়ে দারুণভাবে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন তিনি (৪-০)। এর আগেই খেলোয়াড় পরিবর্তনের সুযোগ কাজে লাগান বাংলাদেশ কোচ টমাস ডুলি। নিয়মিত কয়েকজন খেলোয়াড়কে তুলে নিয়ে মাঠে নামান শুকি ইতোফুসা, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ হৃদয়, রহমত মিয়া ও জামাল ভূঁইয়াকে। তাতে দলের ছন্দে কোনো ছেদ পড়েনি।
এদিকে, আধিপত্যের ধারাবাহিকতা ধরে রেখে চলমান টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গতকাল বিকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চাম্পিয়ন হয় ভারতীয়রা। দুই ম্যাচের দু’টিতেই জয় পেয়ে অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করলো তারা। মালদ্বীপের বিপক্ষে ভারতের জয়ের নায়ক সুহাইল ভাট। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে করা তার একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় ভারতের। চলতি টুর্নামেন্টে এটি সুহাইলের তৃতীয় গোল।টানা দুই জয়ে গ্রুপ সেরা হয়ে ভারত সেমিফাইনালে উঠলেও দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো মালদ্বীপ।