ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে জ্ঞানোদয় বন বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি:
বিহারজুড়ে ধর্মীয় আবহ, প্রার্থনা আর পুণ্যার্থীদের পদচারণা। কোথাও বুদ্ধপূজা, কোথাও ভিক্ষু সংঘকে চীবর ও সংঘ দান, আবার কোথাও ধর্মদেশনায় মগ্ন পুণ্যার্থীরা। দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে আত্মশুদ্ধি, সংযম এবং মানবিক মূল্যবোধের চর্চায় একাকার হয়ে ওঠে পুরোআয়োজন। বুদ্ধের মৈত্রী, করুণা ও অহিংসার আদর্শ ধারণের প্রত্যয়ে এমনই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার জ্ঞানোদয় বনবিহারে অনুষ্ঠিত হয়েছে ২৩তম শুভ মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব।

 

 

শুক্রবার থেকে শুরু হযে শনিবার সারাদিন বিহার প্রাঙ্গণে সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, তরুণ-তরুণী সহ বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা। দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান ও কঠিন চীবর দানসহ নানা পুণ্যানুষ্ঠানে অংশ নেন দায়ক-দায়িকারা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ভিক্ষুসংঘের দেশনা শ্রবণ ও পুণ্য অর্জনের প্রত্যাশায় মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ।

 

 

উৎসবে স্বধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, নানিয়ারচর রত্নাংকুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির এবং জ্ঞানোদয় বনবিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাস্থবিরসহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা। তাঁদের দেশনায় উঠে আসে বুদ্ধের শিক্ষা, নৈতিক জীবনাচার, আত্মসংযম, মৈত্রী ও করুণার চর্চার গুরুত্ব।

 

 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কঠিন চীবর দান কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি ত্যাগ, সংযম, দানশীলতা ও আত্মশুদ্ধির এক অনন্য সাধনা। বৌদ্ধ ধর্মীয় বিধান অনুযায়ী, প্রবারণা পূর্ণিমার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ভিক্ষুসংঘকে চীবর বা পরিধেয় বস্ত্র দানের মধ্য দিয়ে এ পুণ্যোৎসবের আনুষ্ঠানিকতা পালন করা হয়। বিশেষ ধর্মীয় নিয়ম ও ঐতিহ্য অনুসরণ করে চীবর দানের এ আয়োজন বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতিতে বিশেষ তাৎপর্য বহন করে।

 

 

এ উৎসবের অন্তর্নিহিত শিক্ষা আরও বিস্তৃত। দানের মধ্য দিয়ে ত্যাগের মানসিকতা, শীল পালনের মাধ্যমে নৈতিক জীবন গঠন এবং ভাবনার চর্চায় আত্মশুদ্ধির পথ অনুসরণের শিক্ষা দেয় কঠিন চীবর দান। একই সঙ্গে মানুষের প্রতি সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

 

প্রজন্ম থেকে প্রজন্মে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধের ধারাবাহিকতা রক্ষায়ও এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার মধ্য দিয়ে জ্ঞানোদয় বনবিহারের ২৩তম কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় জীবনে তাৎপর্যপূর্ণ এক আয়োজন হিসেবে উদ্‌যাপিত হয়েছে।

 

 

এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জ্ঞানোদয় বন বিহার পরিচালনা কমিটি’র সভাপতি নিপুল বিকাশ খীসা,সাম্মাদিঠটি ফাউন্ডেশনের সভাপতি রীতিময় চাকমা সহ অন্যান্যরা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com