থানচি ,বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পরিবেশ ও জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃষিব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।
বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবানের থানচি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কারিতাস বাংলাদেশ পরিচালিত পিএইইপি প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দুর্গম যোগাযোগব্যবস্থা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও কৃষি উপকরণের অভাব পাহাড়ের মানুষের খাদ্য নিরাপত্তার বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষি প্রশিক্ষণ, উন্নত চাষাবাদ পদ্ধতি, পারিবারিক সবজি বাগান, পানি সংরক্ষণ ও আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন প্রয়োজন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে সভায় সহকারী কৃষি কর্মকর্তা অংবাই মারমা, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা অনুপম, সাবেক প্রধান শিক্ষক সত্যমনি ত্রিপুরা, কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক মিখাইল ত্রিপুরা ও ছাইন থোয়াই গ্য চাক প্রমুখ বক্তব্য দেন।
এর আগে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। অনুষ্ঠানে কারিতাসের উপকারভোগী কৃষক ও কৃষাণিরা অংশ নেন।