পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল কায়েশ শিমুল , যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. সোলাইমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার, সদস্য সচিব মো. সেলিম হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। খাগড়াছড়িতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ এবং গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ তুলে তাঁরা নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় যুবদলের সদস্যসচিব মো. সেলিম হোসেন দাবি করেন, পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।