ইরানের সঙ্গে আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যান্সকে এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে মনোযোগ দিতে বলেছেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ইরান ইস্যুতে তাঁর কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।’ তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং ইরানের কাছ থেকে বিপুল অর্থ আদায়ের প্রয়োজন নেই।
ট্রাম্প ভ্যান্সকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে ডেমোক্র্যাট-শাসিত বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে দুর্নীতি এবং অপরাধের অভিযোগ নিয়ে কাজ করতে বলেছেন তাঁকে। এর আগে ইরান নিয়ে আলোচনায় ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তবে তাঁকে সরিয়ে দেওয়ার অর্থ যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক প্রচেষ্টা বন্ধ হয়ে গেছে—এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সম্প্রতি ব্রডকাস্টার হিউ হিউইটের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এমনকি প্রয়োজনে তাৎক্ষণিকভাবেও হামলা চালানো হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তবে একই সাক্ষাৎকারে তখনই সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না বলেও জানান।
ট্রাম্প আরও বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকা অবস্থায় তিনি যদি হোয়াইট হাউস ছাড়েন, তবে সেটিকে পরাজয় হিসেবে দেখা হবে। ভ্যান্সকে নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতেন—এমন বক্তব্য ভ্যান্সের আরও স্পষ্টভাবে দেওয়া উচিত ছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে মন্তব্য করেছেন ভ্যান্স। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে। ট্রাম্প অবশ্য ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান বজায় রেখেছেন। তথ্যসূত্র: রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ান