ঢাকা, , ,
ঢাকা, , ,

দখল-দূষণে বিপন্ন রাজাঝির দিঘি, উচ্ছেদে বারবার ব্যর্থ প্রশাসন

ফেনী প্রতিনিধি:

ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক রাজাঝির দিঘি দখল ও দূষণে অস্তিত্বসংকটে পড়েছে। দিঘির দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাড় দখল করে গড়ে উঠেছে পাঁচ শতাধিক অবৈধ দোকান। এসব দোকানের কারণে ব্যাহত হচ্ছে পথচারীদের চলাচল, পাশাপাশি দোকানের আবর্জনা ফেলা হচ্ছে দিঘির পানিতে। কয়েক দফা উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত করা যায়নি শহরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী এই জলাশয়।

 

 

১০ দশমিক ৩২ একর জায়গাজুড়ে বিস্তৃত রাজাঝির দিঘি ত্রিপুরার মানিক্য রাজবংশের এক রাজার খনন করা বলে জানা যায়। তাঁর অন্ধ কন্যার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার উদ্দেশ্যে দিঘিটি খনন করা হয়েছিল। রাজকন্যা রাজনন্দিনীর নাম অনুসারে এটি রাজাঝির দিঘি বা রাজনন্দিনীর দিঘি নামে পরিচিতি পায়। ১৮৭৫ সালে এই দিঘিকে কেন্দ্র করেই ফেনী মহকুমা সদর গড়ে ওঠে। একসময় দিঘিটি ছিল শহরের অন্যতম আকর্ষণীয় স্থান।

 

 

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ জনের একটি প্রভাবশালী চক্র এসব দোকানের নিয়ন্ত্রণ নেয়। দোকানগুলো ঘিরে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে। দোকান থেকে নিয়মিত টাকা আদায়ের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

 

 

এর আগে ২০১৬ সালের ডিসেম্বর, ২০১৭ সালের এপ্রিল ও ২০১৯ সালের মার্চে জেলা প্রশাসন ও পৌরসভা কয়েক দফা উচ্ছেদ অভিযান চালায়। কিন্তু কিছুদিন পরই আবার দখল হয়ে যায় দিঘির পাড়। বর্তমানে পৌরসভার অনুমোদন ছাড়াই পাঁচ শতাধিক দোকান চলছে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন। তাঁর ভাষ্য, এসব দোকান থেকে পৌরসভা কোনো ভাড়া পায় না। তবে লোকমুখে প্রতিটি দোকান থেকে মাসে ৬০০ টাকা করে আদায়ের কথা শুনেছেন তিনি।

 

 

সমবায় মার্কেটের ব্যবসায়ী আবদুস সালাম অভিযোগ করেন, আগে আওয়ামী লীগের নেতারা এসব দোকান থেকে সুবিধা নিতেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতা এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তাও অবৈধ সুবিধা নিচ্ছেন। এসব দোকানে কীভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, তা তদন্তের দাবি জানান তিনি।

 

 

অন্যদিকে দিঘির পাড়ের ব্যবসায়ী মোর্শেদ আলম বলেন, এসব দোকানের ওপর দুই হাজারের বেশি মানুষের জীবিকা নির্ভরশীল। উচ্ছেদের আগে তাঁদের জন্য হকার্স মার্কেট নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন।

 

 

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ ব্যবসা চলতে পারে না। দ্রুত দোকানগুলো উচ্ছেদ করে দিঘির প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা জরুরি।

 

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, রাজাঝির দিঘি ফেনী শহরের ঐতিহাসিক গুরুত্ব বহন করে। পরিকল্পিতভাবে দোকান বরাদ্দ ও সন্ধ্যাকালীন বাজার চালু করা হলে দিঘির পাড় দখলমুক্ত রাখার পাশাপাশি হকারদের পুনর্বাসন সম্ভব। দলের নাম ব্যবহার করে কেউ চাঁদা আদায় করলে এবং তা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, রাজাঝির দিঘির পাড়ের অবৈধ দোকানগুলো দীর্ঘদিনের সমস্যা। জেলা পরিষদ, পৌরসভা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। দিঘির পরিবেশ রক্ষায় অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা প্রয়োজন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com