নোয়াখালী প্রতিনিধি:
বিদেশ ফেরত অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ ও আত্মমর্যাদা সম্পন্ন অভিবাসী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে নোয়াখালীর মাইজদীতে বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত জেলা রেফারেল কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার কর, সহকারী পুলিশ সুপার নুরুল হুদা ভূঁইয়া ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক ডা. ফাত্তাহেল আলীম। সভাপতিত্ব করেন ব্র্যাক নোয়াখালীর জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামান।
কর্মশালায় বিদেশফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, আর্থিক সহায়তা এবং সরকারি-বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা গেলে তাঁরা সহজে প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাবেন। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময় বাড়াতে হবে।
কর্মশালায় জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, ব্যাংক, প্রশিক্ষণ কেন্দ্র, উন্নয়ন সংস্থা, সাংবাদিক, বিদেশফেরত অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসনে কাজ করে আসছে।