খাগড়াছড়ির রামগড়ে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ২টার দিকে রামগড় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফাইম ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ আবতাবুল কাদের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তাঁর সঙ্গে ছিলেন ইনকিলাব সার্চ কমিটির আহ্বায়ক জি. এল. সাব্বির, সদস্যসচিব আদনান আহাদসহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া এনসিপির রামগড় উপজেলা আহ্বায়ক হারুনুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, তাঁদের তিন দফা দাবি হলো—১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, জুলাই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা চত্বর, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
তিনি বলেন, এসব দাবি শুধু ইনকিলাব মঞ্চের নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বক্তব্যে তিনি সীমান্ত হত্যা বন্ধ, ভারতে আশ্রয় নেওয়া অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। ওসমান হাদি হত্যার বিচার বিলম্বিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিচার নিশ্চিত করতে তাঁরা বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছেন।
ইনকিলাব মঞ্চের এ কর্মসূচি বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রার অংশ বলে জানান আয়োজকেরা।