ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ির বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন নানা ধরনের সবজি। তবে এসব সবজি উৎপাদনে অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং ফসল সংগ্রহের আগে নির্ধারিত অপেক্ষাকাল না মানার অভিযোগ উঠেছে। এতে সবজিতে ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ থেকে যাওয়ার আশঙ্কায় বাড়ছে জনস্বাস্থ্য উদ্বেগ।
সরেজমিনে দেখা যায়, পোকামাকড় দমনে অনেক কৃষক সপ্তাহে দুই থেকে তিনবার কীটনাশক প্রয়োগ করছেন। স্থানীয় কৃষক লোকমান ও বেলাল জানান, বেগুনের ফল ছিদ্রকারী পোকা দমনে নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হয়। তবে ফসল সংগ্রহের আগে নির্ধারিত অপেক্ষাকাল মানা হয় কি না, সে বিষয়ে কৃষকেরা স্পষ্ট তথ্য দিতে পারেননি।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর ফটিকছড়িতে প্রায় ২ হাজার ৮০০ হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে। গত বছর শুধু বেগুনের আবাদ হয়েছিল প্রায় ৬৮০ হেক্টর জমিতে।
বারির ২০২৪ সালের এক গবেষণায় দেশের আটটি অঞ্চলের ২৬টি বেগুনের নমুনার মধ্যে ১৫টিতে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যায়। এর মধ্যে সাতটিতে মাত্রা সর্বোচ্চ অবশিষ্টাংশসীমা অতিক্রম করে। তবে গবেষণায় ফটিকছড়ির কোনো নমুনা ছিল না।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, ফেরোমন ফাঁদ ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমানো সম্ভব।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, অনেক কৃষক কৃষি কর্মকর্তাদের পরামর্শ না মেনে কীটনাশক বিক্রেতাদের কথায় বালাইনাশক প্রয়োগ করেন। এতে উপকারী পোকামাকড় ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, কীটনাশকের ক্ষতিকর অবশিষ্টাংশযুক্ত খাবার দীর্ঘদিন গ্রহণ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
অন্যদিকে, কৃষিজমি থেকে রাসায়নিক বৃষ্টির পানি ও নিষ্কাশনব্যবস্থার মাধ্যমে হালদা নদীতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। হালদা গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, কীটনাশক দূষণ নদীর মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞরা নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ, নিয়মিত তদারকি এবং বাজারের সবজিতে কীটনাশকের অবশিষ্টাংশ পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন।