পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে লোগাং বাজার এলাকার অন্তত ১০টি পরিবার। নদীভাঙনে বসতভিটা ও বিভিন্ন স্থাপনা হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এসব পরিবারকে ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চেঙ্গী নদীর ভাঙন অব্যাহত থাকলেও তা প্রতিরোধে স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ইতোমধ্যে নদীভাঙনে ৫ থেকে ৬টি পরিবার বসতভিটা ও সহায়-সম্বল হারিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। বর্তমানে আরও অন্তত ১০টি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে।
লোগাং বাজার কেন্দ্রীয় মসজিদের জন্য নির্ধারিত ২০ শতাংশ জায়গাও নদীভাঙনের হুমকিতে রয়েছে। মাদ্রাসাশিক্ষক আবদুল কাদের বলেন, মসজিদের জন্য নির্ধারিত জায়গাটি নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে জায়গাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
স্থানীয় ব্যবসায়ী মো. শাহিন আলম বলেন, বিগত বছরগুলোতে নদীভাঙনের কবলে পড়ে ৫-৬টি পরিবার নিঃস্ব হয়ে অন্যত্র চলে গেছে। বর্তমানে আরও বেশ কয়েকটি পরিবার ঝুঁকিতে রয়েছে। দ্রুত সরকারি সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অনেক পরিবারকে বসতভিটা হারিয়ে পথে বসতে হবে।
স্থানীয় বাসিন্দা মালেকা বেগম একমাত্র মেয়ে রুমি আক্তারকে নিয়ে সেখানে বসবাস করেন। তিনি বলেন, নদী যেভাবে ভাঙছে, তাতে কখন বসতভিটা নদীগর্ভে চলে যায়, সেই আতঙ্কে দিন কাটছে। তাঁর মতো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কেউ নেই।
স্থানীয়দের দাবি, চেঙ্গী নদী ও তারাবন ছড়ার সংযোগস্থলে পাহাড়ি ঢলের পানি সরাসরি চর এলাকায় আঘাত হানায় ভাঙন তীব্র হচ্ছে। এতে বসতবাড়ির পাশাপাশি ফসলি জমিও নদীগর্ভে বিলীন হচ্ছে। বছরের পর বছর এমন পরিস্থিতি চললেও ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, ‘আমি এ বিষয়ে অবগত ছিলাম না। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।’
স্থানীয় বাসিন্দারা চেঙ্গী নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে অচিরেই আরও পরিবার বসতভিটা ও সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগে পড়বে।