খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি :
কৈশোরে শারীরিক ও মানসিক পরিবর্তন, ঋতুস্রাব কিংবা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিয়ে অনেক কিশোরীর মনেই থাকে নানা প্রশ্ন। সামাজিক সংকোচ ও সঠিক তথ্যের অভাবে অনেকেই এসব বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারে না। কিশোরীদের সেই সংকোচ দূর করে স্বাস্থ্যসচেতন করে তুলতে খাগড়াছড়ির পানছড়িতে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৮ বেঙ্গল খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় এবং পানছড়ি সাবজোনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে এসিআই লিমিটেডের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘ফ্রিডম’। কর্মশালায় বিদ্যালয়ের ২০৩ জন ছাত্রী অংশ নেয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ১৮ ইবির রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স খাগড়াছড়ির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ। তাঁরা শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, হরমোনের প্রভাব, ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা দেন।
কর্মশালায় মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার, প্রয়োজন অনুযায়ী পরিবর্তন, ব্যবহৃত ন্যাপকিন নিরাপদে অপসারণ এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বয়ঃসন্ধিকালীন পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ এবং স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে সংকোচ না করে অভিভাবক বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্য ও পরিচর্যাসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে ধরে। চিকিৎসকেরা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। কর্মশালা শেষে শিক্ষার্থীদের প্রত্যেককে এসিআই লিমিটেডের পক্ষ থেকে এক প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।
পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজন বিবেচনায় এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর এ উদ্যোগে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কৈশোর থেকেই সঠিক স্বাস্থ্যজ্ঞান ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে মাসিক নিয়ে সামাজিক সংকোচ ও ভুল ধারণা দূর করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মশালা কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য পাওয়ার পাশাপাশি নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
পার্বত্য চট্টগ্রামের জনপদে স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি বয়ঃসন্ধিকালীন স্বাভাবিক পরিবর্তন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ভূমিকা রাখবে।