রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হাসান নয়নকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় পুলিশের অভিযানে তিনি গ্রেপ্তার হন।
গ্রেপ্তার নাঈম হাসান নয়ন রামগড় পৌরসভার আনন্দপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ডেমরা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নয়নও ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচয় দেন। পরে পুলিশি তদন্তে রামগড় থানায় দায়ের করা দুটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁর নাম পাওয়া যায়। এরপর শুক্রবার তাঁকে রামগড় থানায় নিয়ে আসে পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার নাঈম হাসান নয়নকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।