বান্দরবান প্রতিনিধি:
দুর্গম পাহাড়ি পথে সেনাবাহিনীর পিকআপে জন্ম নেওয়া এক নবজাতক কন্যাশিশুকে নিজ পাড়ায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবানের রুমা উপজেলার সুংসাং পাড়ায় ১৯ নভেম্বর মা ও নবজাতক সুস্থ অবস্থায় ফিরে এলে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হয়। এ সময় নবজাতকের পরিবারের হাতে প্রয়োজনীয় পরিচর্যা সামগ্রী, শুকনো খাবার ও মিষ্টান্ন তুলে দেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি সুংসাং পাড়ার বাসিন্দা লাল হুনের স্ত্রী প্রসবকালীন জরুরি অবস্থায় পড়লে তাকে চিকিৎসার জন্য সেনাবাহিনীর পিকআপে করে নেওয়া হচ্ছিল। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার সময় চলন্ত পিকআপেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। সেনাসদস্যদের তাৎক্ষণিক সহযোগিতায় মা ও নবজাতক পরবর্তী সময়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। চিকিৎসা শেষে দুজনই সুস্থ হয়ে ১৯ নভেম্বর নিজ বাড়ি সুংসাং পাড়ায় ফিরে আসেন।
তাদের প্রত্যাবর্তন উপলক্ষে সুংসাং পাড়া সেনাক্যাম্পের উদ্যোগে অভ্যর্থনার আয়োজন করা হয়। এতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আদনাইন ইনকিয়াত উপস্থিত ছিলেন। এ সময় ১৬ ইস্ট বেঙ্গল (দি ম্যাজেস্টিক টাইগার্স)-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া নবজাতক ও তার পরিবারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। পাশাপাশি নবজাতকের জন্য প্রয়োজনীয় পরিচর্যা সামগ্রী, শুকনো খাদ্যদ্রব্য ও মিষ্টান্ন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও স্থানীয় পাড়াবাসী উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর এ সহযোগিতায় নবজাতকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি প্রয়োজনে সেনাসদস্যদের এমন সহযোগিতা স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমেও সেনাবাহিনী কাজ করছে। দুর্গম এলাকার মানুষের জরুরি প্রয়োজনে সহযোগিতা ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।