খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এক্সকাভেটর দিয়ে ভাটার চুল্লির মুখ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অবস্থিত মেসার্স এম এস আর ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাটির স্বত্বাধিকারী মো. ইউনুস আলী।
পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক হাসান আহম্মদের প্রসিকিউশনে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫(১) ও ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরে পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নেভানো হয়। এরপর এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে চুল্লির মুখ ভেঙে ফেলা হয়, যাতে পুনরায় ইটভাটাটি চালু করা সম্ভব না হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ রোধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পার্বত্য এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।