হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
হাটহাজারীর মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীতে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, সাইকেল, দুস্থ নারীদের সেলাই মেশিন এবং গৃহহীন পরিবারের মাঝে বসতঘর বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে গৃহহীনদের পুনর্বাসনের জন্য বসতঘর প্রদান করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং গৃহহীন পরিবারের মাঝে বসতবাড়ি হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদ, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিউল আজমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।