রাঙামাটি প্রতিনিধি:
বিশ্বশান্তি, বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি কামনায় বৌদ্ধ ভিক্ষু সংঘের হাতে কঠিন চীবর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন ৫০তম কঠিন চীবর দানোৎসব।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গণে দেশ-বিদেশের হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি হয়। প্রয়াত পার্বত্য ধর্মগুরু সাধনানন্দ মহাস্থবির বনভন্তের স্মৃতির উদ্দেশ্যে বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে বোনা চীবর ভিক্ষু সংঘের হাতে উৎসর্গ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বেইনঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর তুলা থেকে সুতা তৈরি, রং করা ও শুকানোর পর শুক্রবার ভোর থেকে শুরু হয় চীবর বোনার কাজ। রাজবন বিহার প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকার মাধ্যমে হাজারো দায়ক-দায়িকা এ পুণ্যকর্মে অংশ নেন।
শুক্রবার বিকেল আড়াইটায় শুরু হয় মূল চীবর দানানুষ্ঠান। এ সময় রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে প্রস্তুতকৃত চীবর তুলে দেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকাল থেকে বিহার প্রাঙ্গণে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় ও দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে দেশ-বিদেশের পুণ্যার্থীরা অংশ নেন। এ বছর ভারতের মহারাষ্ট্র থেকে আসা ২০ জনসহ বিভিন্ন স্থান থেকে আগত বিদেশি ও দেশীয় পুণ্যার্থীরা উৎসবে যোগ দেন।
দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে রাজবন বিহার ও আশপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিহার প্রাঙ্গণ ও আশপাশে বসে বিভিন্ন পণ্যের দোকান ও মেলা। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।
উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে প্রতিবছর রাঙামাটি রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমার পর থেকে এক মাসব্যাপী বিভিন্ন বিহারে পর্যায়ক্রমে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের সময়ে বিশাখা নামে এক উপাসিকা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে কাপড় বুনে বুদ্ধকে দান করেছিলেন। সেই ঐতিহ্য অনুসরণ করেই প্রতিবছর কঠিন চীবর দানোৎসব পালন করা হয়।