খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদকের রাঙামাটি জেলা কার্যালয়ের একটি দল খাগড়াছড়ি জেলা পরিষদে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে।
দুদকের রাঙামাটি কার্যালয়ের উপসহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দলের সদস্যরা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের নথি সংগ্রহ ও পর্যালোচনা করেন। পাশাপাশি প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন গ্রহণের অভিযোগ রয়েছে। এ বিষয়ে গত বছরের ৭ জুলাই মাস্টারদা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী দুদকে লিখিত অভিযোগ দেন। অভিযোগে সাবেক চেয়ারম্যানের পাশাপাশি জেলা পরিষদের আরও তিন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।
দুদক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রকল্পের নথিপত্র যাচাই এবং বাস্তবায়নের প্রকৃত অবস্থা পর্যালোচনার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে অভিযান শেষে কী ধরনের তথ্য-উপাত্ত পাওয়া গেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে দুদকের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।