লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এ কর্মসূচিতে বিদ্যালয়ের ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন। জরুরি চিকিৎসা, দুর্ঘটনা কিংবা অস্ত্রোপচারের প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করতে এ তথ্য সহায়ক হবে।
আয়োজকদের মতে, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহ সৃষ্টি এবং মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
মানবিক সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীছড়ি জোনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।