ঢাকা, , ,
ঢাকা, , ,

‘শুধু সনদ নয়, প্রকৃত মানুষ হতে হবে’—শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার

স্টাফ রির্পোটার, নেত্রকোনা:
শুধু পরীক্ষায় ভালো ফল কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মা-বাবার ত্যাগের মর্যাদা দিতে, শিক্ষকদের পরিশ্রমের প্রতিদান দিতে এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের প্রকৃত মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে এমন আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

 

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, “তুমি যে সুন্দর চকচকে কাপড়টা পরছো, তোমার মা অথবা বাবা হয়তো একটা পুরোনো কাপড় পরছেন। তাদের সেই পুরোনো কাপড়ের বদৌলতেই তোমরা নতুন চকচকে কাপড় পাচ্ছো।”

তিনি বলেন, মা-বাবার ত্যাগ ও শিক্ষকদের শ্রমের যথাযথ মূল্যায়ন করতে হলে শুধু ভালো ফলাফল বা বড় ডিগ্রি অর্জন করলেই হবে না, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে।

 

সমাজের বৈষম্য ও মানবিক দায়িত্বের বিষয়টি তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সমাজে অনেকের অট্টালিকা থাকলেও পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকে। কারও সন্তান বড় গাড়িতে চড়ে স্কুলে যায়, অথচ রাস্তার পাশে আরেকটি শিশু অর্ধাহারে দিন কাটায়। সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায় মানুষের পাশে না দাঁড়ানো সামাজিক দায়িত্ববোধের অভাব।

 

তিনি বলেন, একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং দেশের প্রতি গভীর মমত্ববোধ থাকা জরুরি। দেশপ্রেম না থাকলে একজন মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করলেও দেশের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারে না।

 

বক্তব্যের একপর্যায়ে জুলাই-আগস্টের আন্দোলনে শিশুদের হতাহতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে শিশুদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। বাংলাদেশ যেন আর কখনো অন্ধকার সময়ে ফিরে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

ডেপুটি স্পিকার বলেন, “আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং প্রত্যেকেই তার অধিকার পাবে। সে গারো হোক, হাজং হোক, হিন্দু হোক কিংবা মুসলমান—প্রত্যেকেই আমরা বাংলাদেশের নাগরিক এবং নাগরিক মর্যাদা ভোগ করতে চাই।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তবে বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালনের সময় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে। রাজনৈতিক মতাদর্শ নির্বাচনের দিন ব্যালটের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ বা ক্ষমতার প্রভাব দেখানো উচিত নয়।

 

 

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। শিক্ষক হিসেবে প্রত্যেকের দায়িত্ব শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ গড়ে তোলা।

 

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সীমিত সামর্থ্যের মধ্যে কলমাকান্দার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ চলছে। এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

 

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com