ঢাকা, , ,
ঢাকা, , ,

এসএসসি ফরম পূরণের অনুমতি না পেয়ে বিদ্যালয়ে তালা, অবরুদ্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি না পেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে শিক্ষক ও বার্ষিক পরীক্ষার্থীদের অবরুদ্ধ করা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের জানালাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের চেষ্টা চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

রোববার (২২ নভেম্বর) উপজেলার হাসাড়া কালীকিশোর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর বিদ্যালয়টির ২০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত। তাদের মধ্যে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৩৪ জন। পরে বিশেষ বিবেচনায় আরও ৫৬ জনসহ মোট ৯০ জনকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। বাকি ১১১ জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

 

অভিভাবকদের অভিযোগ, গত ১৫ নভেম্বর থেকে তাঁরা ফরম পূরণের বিষয়ে জানতে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক ও সভাপতিকে পাননি। আগামীকাল ফরম পূরণের শেষ দিন হলেও কর্তৃপক্ষ বাকি শিক্ষার্থীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এতে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

 

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় ইচ্ছাকৃতভাবে তাঁদের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

 

 

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল বারী বলেন, প্রধান শিক্ষকের রোববার বিদ্যালয়ে আসার কথা থাকলেও হট্টগোলের কারণে তিনি আসেননি। তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।

 

 

অন্যদিকে, বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পাল বলেন, টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ফরম পূরণের অনুমতি দেওয়া হচ্ছে।

 

ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত কী, তা জানা যায়নি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com