কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সৌরশক্তিচালিত ‘কুলবট কোল্ড স্টোরেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙ্গামাটি’ শীর্ষক উদ্যোগের অংশ হিসেবে এ হিমাগার নির্মাণ করা হচ্ছে।
চুক্তিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্প ফোকাল অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, তুলনামূলক স্বল্পব্যয়ী ও আধুনিক সৌরশক্তিচালিত এ প্রযুক্তির মাধ্যমে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত ফলমূল, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ পাবেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, হিমাগারটি চালু হলে মৌসুমি ও পচনশীল কৃষিপণ্যের অপচয় কমবে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করতে পারবেন। এতে কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে।
তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পটি সফল হলে পার্বত্য অঞ্চলের প্রতিটি উপজেলায় এ ধরনের কুলবট কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণে দীর্ঘদিনের দাবির বাস্তবায়নে এটি প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।