খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উপলক্ষে খাগড়াছড়ির মাইসছড়ি বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের বিজিতলা সাব-জোন কমান্ডার। এ সময় বিহারের ধর্মীয় কার্যক্রম ও উৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিহার কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
রোববার দুপুরে বিজিতলা সাব-জোন কমান্ডার বিহারে পৌঁছে বিহারের বড় ভান্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিহার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিহারের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় কার্যক্রম এবং কঠিন চীবরদান উৎসবের আয়োজন নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে সাব-জোন কমান্ডার ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের কল্যাণে মহালছড়ি জোনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে বিহার কর্তৃপক্ষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে বিহারের বড় ভান্তের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন বিজিতলা সাব-জোন কমান্ডার।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সেনাবাহিনীর এ ধরনের যোগাযোগ ও সহযোগিতামূলক উদ্যোগ পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও আস্থার সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।