বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের বার্ষিক ধর্মযাজকদের মহাসম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ সময় শিশুদের মাঝে উপহার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়।
গত ২০ থেকে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী থাইক্ষিয়ং পাড়ায় এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মযাজক, খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য এবং পাড়াবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সম্মেলনের বিভিন্ন আয়োজনে স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশ নেন ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া।
সম্মেলন উপলক্ষে শিশুদের মাঝে চকলেট এবং অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিষ্টান্ন ও উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাড়াবাসীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশনকারী শিশু-কিশোর ও শিল্পীদের উৎসাহিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।
পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।