থানচি,বান্দরবান:
পাহাড়ে শীতের শুরুতে মানবিক উষ্ণতা, দেশের অন্যতম দুর্গম ও শীতপ্রবণ পাহাড়ি জনপদ বান্দরবানের থানচি উপজেলার জেঁকে বসতে শুরু করেছে শীত। আর পাহাড়ের এই কনকনে শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় পর্যটন কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার পরিষদের প্রাঙ্গনের ৬০টি হতদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শীতবস্ত্র (কম্বল)।
থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পর্যটননির্ভর এই মানুষগুলোর এমন সামাজিক দায়বদ্ধতা স্থানীয় মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে একটি করে কম্বল তুলে দেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল ফয়সাল।
থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জওয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চসাথুয়াই মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াচিং মারমা (অনুপম),থানচি টুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক ক্লেমেট ত্রিপুরা সহ অনেকে।
আয়োজকেরা জানান, সমতলের চেয়ে পাহাড়ে শীতের তীব্রতা আগেভাগেই অনুভূত হয়। তাই শীতের প্রকোপ বাড়ার আগেই হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব করতে তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে পাহাড়ের প্রান্তিক মানুষের শীতকালীন কষ্ট অনেকটাই কমে আসবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। মানবিক এই আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানান আয়োজকেরা।