২৫ শে জুলাই ২০২৪ রোজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়কারী মোঃ মাসুদ হোসেন বলেন, ছাত্রদের ন্যায্য দাবি কোটা সংস্কারের শান্তিপূর্ণ আন্দোলনকে সরকারপ্রধান শেখ হাসিনা পরিকল্পিতভাবে ভিন্নখাতে প্রভাবিত করার লক্ষে ছাত্রদের রাজাকার বলে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের উত্তেজিত করে তোলে ও পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে পরিকল্পিতভাবে আগুনে ঘি ঢালে। ছাত্রলীগ যখন ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় তখন ছাত্রলীগের সাথে পুলিশ, র্যাব ও বিজিবি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। যার ফলশ্রুতিতে জনগণ শিক্ষার্থীদের উদ্ধার করতে রাজপথে বেরিয়ে আসে। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। ছাত্রদের আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নেয়।
তিনি বলেন, ২০০৮ সাল থেকে অদ্যবধি হাসিনা সরকার রাষ্ট্রযন্ত্র তথা র্যাব, পুলিশ, বিজিবিকে কে অবৈধভাবে ব্যবহার করে জনগণকে জুজুর ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখে। ২০১৪ সালে একতরফা পাতানো নির্বাচন করে ১৫৪ সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও বাকি সিটগুলোতে এক শতাংশ ভোট পড়েনি এমন নির্বাচন করে ক্ষমতা ধরে রাখার জন্য হলি আর্টিজান জিম্মি জঙ্গি নাটক মঞ্চস্থ করে বিদেশীদের অনুকম্পা লাভ করে পাঁচ বছর ক্ষমতা ধরে রাখে। ২০১৮ সালে সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করে সরকার একটার পর একটা জনগণের সাথে ধোকা দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্ট অব্যাহত রেখেছে। দেশে দুর্নীতির মহোৎসব চলছে। সরকার দলীয় লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে। মানবাধিকার পরিস্থিতি শূন্যের কোটায়। ইতিমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘের কাছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দাখিল করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি দুর্নীতির চিত্র তুলে ধরেছে। পুলিশের উর্ধ্বতন সাবেক ও বর্তমান কর্মকর্তারা দুর্নীতির সাথে যুক্ত এমন তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। রিজার্ভ শূন্যের কোঠায় চলে এসেছে। ডলারের সংকটে ব্যাংকগুলো এলসি খুলতে পারছে না। সরকার দলীয় ক্যাডারদের দ্বারা জনগণের উপর গুম হত্যা নারী ধর্ষণ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশে কোন সরকার আছে বলে মনে হয় না। দেশ এখন হীরক রাজার দেশে পরিণত হয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিদেশীদের সাথে দেশবিরোধী অনেকগুলো চুক্তি করেছে। উল্লেখযোগ্য হলো— মংলা পোর্ট ভারতকে দেওয়া, রেল করিডোর দেওয়া সহ আরো অনেক দেশবিরোধী চুক্তি, যাহা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।
মাসুদ হোসেন বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতিতে যে কারফিউ দেওয়া হয়েছে এটি আইনসিদ্ধ কিনা জনগণের প্রশ্ন দেখা দিয়েছে। দেশের কোন দুর্যোগকালীন অস্থিতিশীল পরিবেশে রাষ্ট্রপতির অফিস থেকে জরুরি অবস্থা বা কারফিউ জারি করতে পারে যেটা রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার অথচ দেখা গেল আওয়ামী লীগের ১৪ দলের সভার শেষে আওয়ামী লীগের সেক্রেটারি ঘোষণা দিচ্ছে রাত বারোটা থেকে কারফিউ। চলমান পরিস্থিতিতে আগামী দিনে দেশের অবস্থা আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক ব্যক্তির শাসন ব্যবস্থা দেশকে ধ্বংসের শেষ কাতারে নিয়ে গেছে। দেশের স্বাধীনতা—সার্বভৌমত্ব হুমকির মুখে। বিশ্ব থেকে বাংলাদেশ একটি বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে। দেশীয় গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে যার ফলশ্রুতিতে প্রকৃত সত্য ঘটনা জাতির সামনে প্রকাশিত হতে অনেক সময় লাগে। কথায় কথায় বিভিন্ন গণআন্দোলন নস্যাৎ করতে বিজিবি মোতায়েন করে অথচ বিজিবির কাজ সীমান্ত রক্ষা করা। ভারত পাখির মত সীমান্তে মানুষ হত্যা করে আমরা পানির অধিকার থেকে বঞ্চিত সে বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। এমন অবস্থায় দেশ ও জনগণের আস্থার পথিক বাংলাদেশ সেনাবাহিনীকে শেখ হাসিনার আঁচল ছেড়ে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।