ঢাকা, , ,
ঢাকা, , ,

দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ সেনাপ্রধানের

রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ পরিষ্কার এবং রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা যে ভূমিকা রাখছে তা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।এ প্রসঙ্গে তিনি বলেছেন, ছাত্ররা আমাদের সাহায্য করছে। গ্রামেগঞ্জে ছাত্ররা কাজ করছে। আমরা তাদের ধন্যবাদ জানাই।

বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, ড. ইউনূস আগামীকাল আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামীকাল শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকেলে করার। সেটি অত্যন্ত টাইট শিডিউল হয়ে যায়। কারণ, ড. মোহাম্মদ ইউনূস ২টা ১০ মিনিটের দিকে দেশে আসবেন। এরপর আয়োজন করা কঠিন। এ জন্য ওইদিন রাত ৮টার দিকে আয়োজন করতে পারি। মোট ৪০০ জন লোকের আয়োজন থাকবে।

অন্তর্বর্তীকালীন সরকারের আকার কেমন হবে— এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আমার ধারণা আপাতত ১৫ জনের মতো হতে পারে। তারপরও দুই-একজন যোগ হতে পারে।

এর আগে, গতকাল (মঙ্গলবার) রাতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানান সেনাপ্রধান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com