আকাশে মেঘের ঘনকাটা। বুধবার সকাল থেকেই অন্ধকারাচ্ছন্ন পুরো নগরী। কখনো মাঝারি, আবার কখনো থেমে থেমে চলছে টানা বৃষ্টি। ঈদের ছুটিতে ফাঁকা নগরীতে পথচারীর সঙ্গী তাই ছাতা। আবহাওয়া অফিস বলছে, ঈদের দিনসহ আগামী দুই তিনদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে।
তবে নগরবাসীর চাওয়া, মানুষের দুর্ভোগ এড়াতে ঈদের দিনটিতে বৃষ্টিপাত না হোক। তাদের সেই আশায় গুড়েঁবালি। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুই তিনদিন সারাদেশব্যাপিই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া বুধবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চট্টগ্রামের মাইজদীকোটে ৭৪ মিলিমিটার। এসময় রাজধানীতে রেকর্ড করা হয় মাত্র ১৫ মিলিমিটার।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেছেন, ‘সারাদেশে উপরই মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার ভোর হতেই চলছে বৃষ্টি। এমন বৃষ্টিতে ঈদের দিন সকালও পার করতে হতে পারে । হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বিকালে বৃষ্টির মাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, আগামী দুইতিনদিন ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রাজশাহী রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাত হবার প্রবণতা বেশি।
এদিকে আবহাওয়া অফিসের তথ্যানুসারে, মেঘের কারণে শুক্রবার পর্যন্ত একই আবহাওয়া থাকবে। আর আজ রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, কক্সবাজার, সিলেট অঞ্চলের দক্ষিণ-পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদী বন্দরে জারি রয়েছে ১ নম্বর সতর্ক সংকেত। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোয় জারি রয়েছে ৩ নম্বর সংকেত। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।