ঈদযাত্রার শেষ দিনে ভোর থেকে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এরসঙ্গে যোগ হয়েছে সড়কে যানজট আর রেলে অতিরিক্ত যাত্রী চাপে ঝুঁকিপূর্ণ যাত্রা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সড়কপথে বিভিন্ন জেলায় ফিরছে মানুষ। বাড়তি যানবাহন, বঙ্গবন্ধুর সেতুর ওপর দুর্ঘটনা ও বেপরোয়া গাড়ি চালানোয় ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এছাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় রয়েছে যানবাহনের ধীরগতি। সেই সঙ্গে বৃষ্টি ও যানবাহন সঙ্কট ভোগান্তি বাড়িয়েছে যাত্রীদের।
আবার, টিকিট থাকার পরও ট্রেনে সিট না পাওয়ার অভিযোগও করেন যাত্রীরা। ঈদ উপলক্ষে যানজট বৃষ্টিসহ নানা ভোগান্তি উপেক্ষা করে বাড়ি ফেরার এ যুদ্ধ। এরপরও ছুটে চলা নিজ নিজ গন্তব্যে। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সব ভোগান্তি কষ্টকে তুচ্ছ মনে করছেন যাত্রীরা।
কমলাপুর রেল স্টেশনে বুধবার ভোর থেকেই দেখা গেছে যাত্রীর চাপ। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে বৃষ্টির মধ্যেই ছাদে উঠে পড়েন অনেকে। নিরাপত্তা কর্মীরা শত চেষ্টা করেও ছাদ থেকে নামাতে পারেনি তাদের। বৃষ্টিতে ভিজে যাত্রা করার এমন চিত্র ছিল উত্তর-পশ্চিমাঞ্চলের প্রতিটি ট্রেনে।
সেই সঙ্গে ওই অঞ্চলের প্রতিটি ট্রেন ১-২ ঘণ্টা দেরিতে ছেড়েছে স্টেশন। অন্য রুটের ট্রেনও ছেড়েছে ২০-৩০ মিনিট দেরিতে। বৃষ্টির মধ্যে স্টেশনে পৌঁছার পর বাড়তি অপেক্ষা ভোগান্তি বাড়ায় যাত্রীদের।
যারা অনলাইনে বা স্ট্যান্ডিং টিকিট পাননি তারাও নানাভাবে ঢুকে পড়েন স্টেশনে। ফলে টিকিট পাওয়া যাত্রীদেরও ট্রেনে উঠতে ভোগান্তিতে পড়তে হয়। রেলকর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যাত্রীচাপে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। টিকিট পাওয়া যাত্রীদের নিরাপদ যাত্রায় নিরাপত্তা আরো জোরদার করার কথাও জানিয়েছেন রেলের কর্মকর্তারা।
বৃষ্টি-যানজটের কষ্ট উপেক্ষা করেই ঢাকা ছাড়তে হয়েছে বাসের যাত্রীদেরও। এরপরও তাদের চোখে-মুখে বাড়ি ফেরার আনন্দ।
তবে, এতেই শেষ হয়নি সড়ক পথের যাত্রীদের দুর্ভোগ। সড়কের পাশে পশুর হাটের কারণে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় পথে। বেশি বিপাকে পড়েন উত্তর ও পশ্চিমাঞ্চলের যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকায় দেখা দেয় যানজট। তবে সকাল ৯টার পর স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। সকাল থেকে বৃষ্টির কারণে বেশি ভোগান্তিতে পড়েন ট্রাক ও পিকআপে ওঠা যাত্রীরা।
ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দেখা গেছে যানবাহনের ধীরগতি। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ও চন্দ্রায় রয়েছে যানবাহনের চাপ। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বাড়ি ফেরার পথে কিছুটা ভোগান্তি হলেও ঢাকায় ফেরা স্বস্তির হবে, এমন প্রত্যাশা ঘরমুখো মানুষের।