চলতি বছর সস্ত্রীক হজে যান কাজী আবুল কাশেম। ২৫ জুন রাতে মিনায় যান তারা। ২৭ জুন পরিবারের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। ২৭ জুন রাতে তার স্ত্রীর খোঁজ মিললেও আজ শুক্রবার সকাল পর্যন্ত আবুল কাশেমের খোঁজ মেলেনি। তার সন্ধান করতে সৌদি আরব হজ অফিস, হজ এজেন্সির সহায়তা চেয়েও এখন পর্যন্ত ব্যর্থ তার পরিবার। এভাবে বাংলাদেশ থেকে যাওয়ার শত শত হাজি মিনায় রাস্তা হারিয়ে ফেলে এখনও নিখোঁজ অবস্থায় রয়েছেন। একই অবস্থা হয়েছিল ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খানের। তিনি হারিয়ে যাওয়ার ৫ ঘণ্টা পর সরকারি দল তাকে খুঁজে বের করে।
হারিয়ে যাওয়া হাজিদের খুঁজে বের করতে সার্বক্ষণিক কাজ করছে সৌদি হজ অফিস, হজ এজেন্সিগুলো এবং তাদের সংগঠন হাব।
জানতে চাইলে হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, প্রতিবছরই এমন ঘটনা ঘটে। তাই এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজিদের তাদের আত্মীয় স্বজনদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি।
তিনি জানান, এখন পর্যন্ত দুই শতাধিক হাজি হারিয়ে গেছে বলে অমাদের কাছে তথ্য আছে। তবে বেশিরভাগ হাজিদের দুই এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশ হজ মিশন অফিসে হাব টিম হারানো হাজিদের তাৎক্ষনিক প্রয়োজনীয় সেবা, নাস্তা, পানীয়সহ ইত্যাদি সরবরাহ করছে। যাদের বেশি সময় থাকতে হচ্ছে তাদের খাবার, প্রয়োজন হলে চিকিৎসা ইত্যাদিসহ সকল প্রকার সেবা নিশ্চিতে কাজ করছে হাব। এখন পর্যন্ত ৫৫ জন হাজির খোঁজ মিললেনই। দ্রুত সময়ে তাদের পাওয়া যাবে বলে জানান তিনি।
এদিকে গত ২৭ জুন মিনায় হারিয়ে যায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তার ব্যক্তিগত ফোন হারিয়ে ফেলায় তার সঙ্গে থাকা পানি উপমন্ত্রী এনামুল হক শামীমসহ অন্যদের হারিয়ে ফেলেন। এরপর সৌদি হজ অফিজ ও হাবের সহায়তা ৫ ঘণ্টা পর তাকে খুঁজে বের করা হয়।
উপমন্ত্রী বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান, ধর্মপ্রতিমন্ত্রীর তার ব্যক্তিগত ফোন হারিয়ে ফেলায় এই বিপত্তি বাঁধে। তবে সবার সহায়তায় ৫ ঘণ্টা পর তাকে খুঁজে বের করতে সক্ষম হই।