ঢাকা, , ,
ঢাকা, , ,

বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন জলি

মাঝে সংসার-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন ঢালিউড চিত্রনায়িকা জলি রহমান। অবশেষে বিরতি ভেঙে ফিরছেন অভিনয়ে। এবার ‘পদ্মাবতী’ রূপে সিনে পর্দায় দেখা মিলবে তার। সিনেমাটি নির্মাণ করবেন ধীমন বড়ুয়া।

দীর্ঘদিন প্রযোজনার সঙ্গে জড়িত থাকলেও ‘পদ্মাবতী’ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে ধীমন বড়ুয়ার। সিনেমা কিং-এর ব্যানারে এটি প্রযোজনা করবেন মনজুরুল ইসলাম মেঘ। পাশাপাশি এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কাজী সাইমুল হক।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে জলি বলেন, “আমি সর্বশেষ ৪ বছর আগে কাজ করি ‘ডেঞ্জার জোন’ সিনেমায়। এর গানগুলো প্রকাশ হলেও সিনেমাটি মুক্তি পায়নি। বিরতির পর ‘পদ্মাবতী’ দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। সিনেমার গল্প অসাধারণ। আশা করি, দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।”

এ অভিনেত্রী আরও বলেন, ‘এতদিন সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। আমার সন্তান ছোট থাকায় অভিনয়ে সময় দিতে পারছিলাম না। এখন সন্তানের বয়স তিন বছর। তাকে বাসায় রেখে শুটিংয়ে বের হওয়া সম্ভব হচ্ছে। এখন থেকে নিয়মিত অভিনয় করার ইচ্ছে আছে।’

নির্মাতা ধীমন বড়ুয়া জানান, নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতি ও জনগণের জীবনের গল্প নিয়ে নির্মিত হবে ‘পদ্মাবতী’। জলি ছাড়াও এতে অভিনয় করবেন নবাগত নাসিক মাহী, মডেল নাদিয়া ও নাদের খান। শিগগিরই শুরু হবে এর শুটিং।

এর আগে ‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ নামের সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন জলি। জানা গেছে, আগামী মাসেই মুক্তি পেতে পারে এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ডেঞ্জার জোন’। ভৌতিক ঘরানার ছবিটিতে জলির বিপরীতে রয়েছেন বাপ্পী চৌধুরী। পরিচালনা করেছেন বেলাল সানি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com