আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামীলীগ নেতা মোঃ কামাল ভুইয়া (৫৪) মারা হয়েছে। শনিবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কামাল ভুইয়া উপজেলার মোগড়া ইউনিয়নের নীলাখাদ গ্রামের বাসিন্দা ও মোগড়া বাজারের একজন ব্যবসায়ী।
উল্লেখ্য , গত ২১ অক্টোবর সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় ওই দিন রাতেই কামাল ভূইয়ার স্ত্রী আছমা বেগম নয়জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেন। পুলিশ দুইজনকে আটক করেছে। কামাল ভূইয়া সৌদি আরবের তায়েব শহরের প্রবাসী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সহ সর্বস্থরের মানুষ।
থানায় দেয়া লিখিত অভিযোগ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর কামাল ভূইয়ার মেয়ের বাসা কুমিল্লায় বেড়াতে যান। ওই দিন বিকালে জাঙ্গাল গ্রামের বাবু মিয়া ব্যবসার জন্য মোগড়া চৌমুহনি এলাকায় কামাল ভূইয়ার মার্কেটের সামনে বালু রাখতে চায়। তখন কামাল ভূইয়ার মার্কেটের এক ব্যবসায়ী বিষয়টি তাকে মোবাইল ফোনে জানায়। কামাল ভূইয়া মোবাইলে বাবু মিয়াকে তার মার্কেটের সামনে বালুর রাখতে নিষেধ করেন। এতে বাবু মিয়া ক্ষিপ্ত হয়ে কামাল ভূইয়াকে গালাগাল করে। ২১ অক্টোবর (শনিবার) কুমিল্লা থেকে ফিরে সন্ধ্যায় ৬টার দিকে তার মার্কেটের সামনে গেলে বাবু মিয়া, তার পিতা আনিছ মিয়া সহ আরো কয়েকজন ধারালো অস্ত্র, লোহার পাইপ ও লাঠিসোঠা দিয়ে তাকে মারধর করে। মারধরে মাথায়, বুকে ও হাতে পায়ে গুরুতর জখম হয়।
এসময় কামাল ভূইয়ার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন প্রথমে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার বিকালে তিনি মৃত্যু বরণ করেন। হামলাকারীরা তার পকেট থেকে মাছ ব্যবসার নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আওয়ামীলীগ নেতা মোঃ কামাল ভূইয়ার মৃত্যুতে শোক জানিয়েছে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল স্বাক্ষর করেন। শোক বার্তায় উল্লেখ করা হয় কামাল ভূইয়া সৌদি আরবের তায়েফ শহরের প্রবাসী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দেশে ফিরে তিনি ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এ হত্যাকান্ডের সাথে জড়িত অপর আসামীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী করা হয়।
নিহত কামাল ভূইয়ার স্ত্রী আছমা বেগম বলেন, তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকীদের আটক করতে পুলিশ কাজ করছে। এদিকে রোববার বাদ আছর নামাজে জানাযা শেষে কামাল ভ’ঁইয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।