প্রতিমন্ত্রী পদমর্যাদার অধিকারী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে ব্যক্তিগত মিলিশিয়া রাখার সরকারি অনুমতি পার্বত্য চট্টগ্রাম, বিশেষত বান্দরবান জেলার, অবনতি শীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রধান কারণ দাবি করে পাহাড়ি সুশীল সমাজের প্রতিনিধি অংগ্য প্রু মার্মা, কামানী কুমার কার্বারী, অমৃত ত্রিপুরা, ক্যহ্লাচিং মার্মা, মানবেন্দ্র চাকমা , বুদ্ধ চাকমা, শান্তি মুনি চাকমা , আনন্দ জ্যোতি চাকমার স্বাক্ষরিত এক আবেদন পাঠিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রীর কাছে।
২৩ এপ্রিল ২০২৪ মঙ্গলবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা ,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদের কাছে আবেদন পাঠিয়েছেন বলে জানান পাহাড়ি সমাজকর্মি মানবেন্দ্র চাকমা।
আবেদনে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পিসিজেএসএস-র সভাপতি জ্যোতিরিন্দ্রি বোধি প্রিয় লারমা ওরফে সন্তু লারমা গত দুই দশকের অধিক সময় ধরে ব্যক্তিগত মিলিশিয়া পুষলেও , সরকারের পক্ষ থেকে সে ব্যাপারে নীরব রয়েছে। এ কারণে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করতে হচ্ছে । গত ২৬ বছরে সন্তু লারমার মিলিশিয়া বাহিনী শত শত যুবককে হত্যা করেছে। এই নিহতের তালিকায় আওয়ামী লীগ দলের স্থানীয় নেতাকর্মীরাও রয়েছেন। সন্তু লারমা নিজেই এক সাক্ষাতকারে সশস্ত্র গ্রুপ বজায় রাখার কথা স্বীকার করেছেন (প্রমাণ দেখুন : https://www.youtube.com/watch?v=P7LoEPdKDGs), “ ।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন,“ বর্তমানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের কিছু সদস্য বাংলাদেশে নেই, তারা প্রতিবেশী দেশগুলোতে অবস্থান করে সন্তু লারমার ব্যক্তিগত মিলিশিয়া বাহিনীর জন্য অস্ত্র সংগ্রহের কাজে জড়িত রয়েছে। বান্দরবান জেলার বর্তমান পরিস্থিতি হলো বাংলাদেশ সরকার কর্তৃক সন্তু লারমার সশস্ত্র বাহিনীর বেআইনী কার্যকলাপকে সহ্য করার নীতিরই প্রত্যক্ষ ফল।
অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সরকারের বিদ্যমান নীতির পর্যালোচনা এবং এলাকায় শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের সুশীল সমাজের প্রতিনিধিরা সরকারের কাছে ব্যক্তিগত মিলিশিয়ার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সন্তু লারমাকে অপসারণ করা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সকল সদস্য বাংলাদেশে বসবাস করছেন কিনা তা পরীক্ষা করার জন্য আঞ্চলিক পরিষদের অধিবেশন আহ্বান করা এবং অন্যভাবে অনুসন্ধান করা, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পার্বত্য চট্টগ্রামের সকল আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে শান্তি প্রক্রিয়া শুরু করা এবং পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের নির্বাচন ( যা ১৯৯৯ সালে গঠনের পর থেকে কোনদিন অনুষ্ঠিত হয়নি) এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের (যা ১৯৮৯ সাল থেকে অনুষ্ঠিত হয়নি) ব্যবস্থা করার আবেদন করেছেI