ঢাকা, , ,
ঢাকা, , ,

‘মুস্তাফিজ না থাকায় চেন্নাইয়ের কম্বিনেশন ভেঙে গেছে’

আইপিএলের আসর চলমান হলেও, এবারের মতো নিজের পাট চুকিয়ে ফেলেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। গত ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি আসরে তিনি নিজের শেষ ম্যাচ খেলেছেন। তার অনুপস্থিতি যে দলটিকে বেশ ভোগাবে সেটি সহজেই অনুমেয়। এবার নতুন করে ফিজ আইপিএল ছেড়ে আসায় চেন্নাইয়ের কম্বিনেশন ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ।

জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে গত ২ মে বাংলাদেশে ফিরে আসেন মুস্তাফিজ। চলতি টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ থেকে তার জাতীয় দলে যুক্ত হওয়ার কথা রয়েছে। যদিও তিনি এখনই মাঠে নামবেন কি না সে প্রশ্নও উঠেছে। কারণ এক মন্তব্যে ফিজকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আসন্ন ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই চেন্নাইয়ের সামনে। রুতুরাজ গায়কোয়াড়ের দলটি আজ (রোববার) নিজেদের একাদশ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। যেখানে জয় ব্যতিত ভিন্ন কিছু চান না মহেন্দ্র সিং ধোনিরা। তবে তাদের ভাবনা কারণ মুস্তাফিজের অনুপস্থিতি ও বেশ কয়েকজন ক্রিকেটারের চোট। মাথিশা পাথিরানারও আজকের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। পাঞ্জাবের বিপক্ষে ধর্মশালায় চেন্নাইয়ের আজকের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এর আগে মুস্তাফিজ–পাথিরানার অনুপস্থিতিতে চেন্নাই দুর্বল হয়ে গেছে বলে ক্রিকবাজের ম্যাচ প্রিভিউতে জানিয়েছেন শেবাগ, ‘মুস্তাফিজুর রহমান যখন আমেরিকার ভিসার জন্য দেশে ফিরে গিয়েছিল তখনও দুই ম্যাচ হেরেছিল চেন্নাই। তাদের বোলিংটা দুর্বল হয়ে যায় যখন পাথিরানা আর সে না খেলে। পাথিরানা ও মুস্তাফিজ যখন একসঙ্গে খেলেছে চেন্নাই জিতেছে। মুস্তাফিজ বাংলাদেশে চলে গেছে এখন। পাথিরানা ফিট কি না এটাও একটা প্রশ্ন। আমার মনে হয় চেন্নাইয়ের কম্বিনেশন নড়বড়ে হয়ে গেছে।’

চেন্নাই আগের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে খেলে হেরেছিল। যেখানে এক মেইডেনসহ দুর্দান্ত চার ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। কোনো উইকেট না পেলেও, ৪ ওভারে তিনি ২২ রান খরচ করেন। কিন্তু চোটের কারণে ওই ম্যাচটিতে ছিলেন না পেস আক্রমণের অন্যতম ভরসা পাথিরানা ও তুষার দেশপান্ডে। মাত্র দুই বল করে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দীপক চাহারকেও মাঠ ছাড়তে হয়েছিল। এরপর তার পুরো আইপিএলই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সবমিলিয়ে কম্বিনেশন মেলানোয় হিমশিম খেতে হচ্ছে চেন্নাইকে।

শেষ ম্যাচের পর ফিজকে হারিয়ে ফেলা আইপিএলের অন্যতম সফল দলটির জন্য হতাশার বলে জানিয়েছিলেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। ওই ম্যাচের আগে তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে। সে আমাদের দলের জন্য দারুণ একটি সংযুক্তি ছিল।’

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com